২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কারমাইকেলে ছাত্রলীগ-শিবির সংঘর্ষ, ছাত্রাবাস বন্ধ

রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজে মঙ্গলবার ছাত্রলীগ ও ইসলামী ছাত্রশিবির কর্মীদের সংঘর্ষের পর শিক্ষার্থীদের ছাত্রাবাস ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2011, 01:56 PM

Updated : 24 Aug 2022, 02:41 PM

রংপুর, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজে মঙ্গলবার ছাত্রলীগ ও ইসলামী ছাত্রশিবির কর্মীদের সংঘর্ষের পর শিক্ষার্থীদের ছাত্রাবাস ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। সন্ধ্যায় কলেজের অ্যাকাডেমিক কাউন্সিলের জরুরি সভার পর সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষার্থীদের ছাত্রাবাস ত্যাগ করতে বলা হয়। সংঘর্ষের ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। এর আগে ক্যাম্পাসে ছাত্রলীগ ও শিবির কর্মীদের মধ্যে কয়েকদফা সংঘর্ষে তিন পুলিশসহ অন্তত ৫০ জন আহত হয়। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। ঘটনাস্থল থেকে রংপুর মহানগর ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক আল আমিনসহ ২১ শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক লাঠিসোটা ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয় বলে কোতোয়ালী থানার ওসি হায়দার আলী মোল্লা জানান। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে শিবির কর্মীরা ক্যম্পাসে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে মিছিল নিয়ে প্রবেশ করে। এ সময় ছাত্রলীগ কর্মীদের সঙ্গে তাদের কাটাকাটি থেকে এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা-ধাওয়া হয়। দুপুর দেড়টার দিকে শিবির কর্মীরা ধারালো অস্ত্র নিয়ে ক্যাম্পাসে ঢুকে ছাত্রলীগ কর্মীদের ওপর হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছাত্রলীগ কারমাইকেল কলেজ শাখার আহবায়ক আব্দুল্লাহ খান নান্নু বলেন, "শিবির কর্মীরা বহিরাগতদের নিয়ে ছাত্রলীগ কর্মীদের ওপর হামলা চালায়।" এ অভিযোগ অস্বীকার করে শিবির নেতা আলআমিন আটক হওয়ার আগে সাংবাদিকদের বলেন, ছাত্রলীগ কর্মীরাই তাদের উপর হামলা চালিয়ে ১০শিবিরকর্মীকে আহত করেছে। পুলিশ কর্মকর্তা হায়দার বলেন, "পুলিশ এ ঘটনার পর কলেজের জিএল ও ওসমানী ছাত্রবাসে তল্লাশী চালিয়ে বিপুল সংখ্যক লাঠিসহ ধারালো অস্ত্র উদ্ধার করেছে।" অধ্যক্ষ ড. দীপ কেন্দ্র নাথ দাস সাংবাদিকদের বলেন, "অ্যাকাডেমিক কাউন্সিলের জরুরি সভা ডেকে শিক্ষার্থীদের ছাত্রাবাস ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া তদন্ত কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।" ওসি হায়দার আলী মোল্লা বলেন, এ ঘটনায় ২১ শিবির কর্মীকে আসামি করে ৩টি মামলা করার প্রস্তুতি চলছে। ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/জেকে/১৯৫০ ঘ.