২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডাকসুর দাবি ছাত্র ইউনিয়নের

'সন্ত্রাসবিরোধী রাজু দিবসে' আবারও ডাকসু নির্বাচনের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2011, 11:23 AM

Updated : 24 Aug 2022, 02:41 PM

ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'সন্ত্রাসবিরোধী রাজু দিবসে' আবারও ডাকসু নির্বাচনের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। মঈন হোসেন রাজুর ১৯তম মৃত্যুবার্ষিকীতে রোববার ডাকসু ভবনের সামনে এক বিক্ষোভ সমাবেশে বক্তারা এ দাবি তুলে ধরেন। ১৯৯২ সালের ১৩ মার্চ ছাত্রলীগ-ছাত্রদল গোলাগুলির সময় সন্ত্রাসবিরোধী মিছিল সংগঠিত করতে গিয়ে গুলিতে প্রাণ হারান ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক রাজু। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন। ছাত্র ইউনিয়ন দিনটি সন্ত্রাসবিরোধী রাজু দিবস হিসাবে পালন করে আসছে। সমাবেশে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি মানবেন্দ্র দেব বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ১৩ মার্চকে সন্ত্রাসবিরোধী দিবস হিসাবে পালন করার জন্য প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার দাবি জানান। ডাকসু নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, "ডাকসু নির্বাচন নিয়ে প্রশাসন টালবাহানা করছে। নির্বাচন সঠিক সময়ে হলে এতদিন অনেক যোগ্য নেতা বেরিয়ে আসতো। নির্বাচন না দিয়ে প্রসাশন নিজেদের জন্য দুর্ভোগ ডেকে আনছেন।" ডাকসু না থাকায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেটে ছাত্র প্রতিনিধিত্ব না থাকার বিষয়টি তুলে ধরে মানবেন্দ্র বলেন, "ছাত্র প্রতিনিধিত্বহীন সিনেট বা সিন্ডিকেট বৈঠকে গৃহীত সিদ্ধান্তের কোনো বৈধতা নেই।" সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়নের ঢাকা মহানগর সভাপতি ম. ইব্রাহীম, ঢাবি সভাপতি অভিনু কিবরিয়া ইসলাম, সাধারণ সম্পাদক পিনাক রায় প্রমুখ। রাজু দিবসে ছাত্র ইউনিয়ন রোববার বিভিন্ন কর্মসূচি পালন করছে। সকাল ৮টয় টিএসসি রাজু বেদিতে ফুল দেয় সংগঠনের নেতা-কর্মীরা। বিকালে রাজু ভাস্কর্যে স্থিরচিত্র প্রদর্শনী হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/এমআই/১৯২০ ঘ.