চট্টগ্রাম, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুটি হত্যা মামলাসহ ছয় মামলার আসামি এক ছাত্রলীগ কর্মীকে এবং ভাংচুর ও সংঘর্ষের মামলার আসামি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে জেল হাজতে পাঠানো হয়েছে।
ছয় মামলার আসামি ওই ছাত্রলীগ কর্মী সাকিব ভূঁইয়াকে শুক্রবার রাত ৮টার দিকে চট্টগ্রাম নগরীর চকবাজার থেকে গ্রেপ্তার করে পুলিশ।
পৃথক অভিযানে শুক্রবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস থেকে তিন ছাত্র রাহাত হিমেল, কুতুব উদ্দিন ও নেহালকে গ্রেপ্তার করা হয়।
এই চারজনই বগি ভিত্তিক গ্র"প 'ভিএক্স' (ভার্সিটি এক্সপ্রেস) এর সদস্য। তাদেরকে শনিবার জেলহাজতে পাঠানো হয়েছে।
হাটহাজারী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এই চরজনকে শনিবার সকালে আদালতে হাজির করা হয়। আদালত তাদেরকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
হাটহাজারী থানার ওসি আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, সাকিব ভুঁইয়ার বিরুদ্ধে রেলওয়ে জিআরপি থানায় ও সিআইডিতে একটি করে হত্যা মামলা রয়েছে। এছাড়া হাটহাজারী থানায় তার বিরুদ্ধে অন্য চারটি মামলা রয়েছে।
গেপ্তারকৃত তিন শিক্ষার্থীর বিরুদ্ধে সংঘর্ষ ও ভাংচুরের অভিযোগে মামলা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/কেএমএস/২১৩৯ ঘ.
bdnews24