২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিপ্রবিতে পরিবেশ সম্মেলন শেষ

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরিবেশ প্রযুক্তি ও নির্মাণ প্রকৌশল বিষয়ে তিনদিনের আন্তর্জাতিক সম্মেলন শনিবার শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2011, 02:20 PM

Updated : 24 Aug 2022, 02:40 PM

সিলেট, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরিবেশ প্রযুক্তি ও নির্মাণ প্রকৌশল বিষয়ে তিনদিনের আন্তর্জাতিক সম্মেলন শনিবার শেষ হয়েছে। বৃহস্পতিবার শুরু হওয়া এ সম্মেলন আয়োজন করেছিল বিশ্ববিদ্যালয়টির সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই) বিভাগ। ইন্টারন্যাশনাল কনফারেন্স অন এনভারনমেন্টাল টেকনোলজি অ্যান্ড কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট (আইসিইটিসিইএসডি) শীর্ষক এ সম্মেলনে ১৩টি দেশের বিশেষজ্ঞরা অংশ নেন। সম্মেলনের শেষদিন ছয়টি সেশনে ৩৮টি গবেষণাপত্র উপস্থাপিত হয়। এছাড়া দ্বিতীয় দিন ৪২টি ও প্রথমদিন ৩০টি প্রবন্ধ উপস্থাপন করা হয়। গবেষকেরা টেকসই উন্নয়নের জন্য নির্মাণ কৌশল ও পরিবেশ প্রযুক্তির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। তারা বাংলাদেশের বিদ্যুৎ উপকেন্দ্রগুলোতে ভূমিকম্পের প্রভাব, যমুনা সেতুর উপর ২০০৮ সালে হওয়া ভূমিকম্পের প্রভাব, চট্টগ্রাম শহরের অগ্নিনির্বাপন ব্যবস্থার সমস্যা, ঢাকা শহরের উঁচু ভবনের অগ্নিনির্বাপন ব্যবস্থার দুর্বলতা, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে দুর্যোগ ব্যবস্থাপনা, নদী দূষণ, সিলেট বিভাগে নির্মাণ শিল্পের নিরাপত্তা ব্যবস্থাসহ নানা বিষয়ে আলোচনা করেন। সম্মেলনের শেষদিন কী নোট উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফিরোজ আহমেদ। তিনি বাংলাদেশের প্রেক্ষাপটে টেকসই উন্নয়নের জন্য পরিবেশ কৌশলের প্রয়োজনীয়তা তুলে ধরেন। 'সিলেট ঘোষণা'র মধ্য দিয়ে বিকাল সাড়ে ৪টায় সম্মেলন শেষ করা হয়। সিলেট ঘোষণা উপস্থাপন করেন শাবিপ্রবির সিইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুশতাক আহমেদ। সিইই বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আকতারুল ইসলাম চৌধুরীর সভাপতিত্ব সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন অ্যাপ্লাইড সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ও বুয়েটের অধ্যাপক ড. ফিরোজ আহমেদ। সম্মেলনে পৃষ্ঠপোষকতা করে সেভেন রিংস সিমেন্ট, আরএসআরএম ও সিডিএমপি। মিডিয়া পার্টনার ছিল দেশের প্রথম অনলাইন সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এবং দৈনিক কালের কন্ঠ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২০ ঘ.