২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে বরিশালে শিক্ষকদের বিক্ষোভ

বেসরকারি স্কুল ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের বেতন-ভাতার সরকারি অংশ বৃদ্ধির দাবিতে বরিশাল নগরীতে দুই শিক্ষক সংগঠন মহাসড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2011, 02:29 PM

Updated : 24 Aug 2022, 02:39 PM

বরিশাল, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি স্কুল ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের বেতন-ভাতার সরকারি অংশ বৃদ্ধির দাবিতে বরিশাল নগরীতে দুই শিক্ষক সংগঠন মহাসড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) এবং বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ দুটি স্থানে পৃথক এই কর্মসূচি পালন করে। বাকশিস সদস্যরা নগরীতে কাশিপুর হাইস্কুল এন্ড কলেজের সামনে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে। বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ নগরীর সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে সমাবেশ করেছে। প্রায় ২০ মিনিট সময় বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় রাস্তার দুদিকে অনেক যানবাহন আটকা পড়ে যায়। বাকশিস সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মহসিন উল ইসলাম হাবুলসহ শিক্ষক নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন, বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের টাইম স্কেল বন্ধ করা হয়েছে। এর ফলে শিক্ষকরা মানবেতর জীবন যাপন করছে। তাদের জন্য বাড়ি ভাড়া মাত্র ১শ' টাকা ও মেডিকেল ভাতা ১শ' ৫০ টাকা অত্যন্ত অমানবিক। অপরদিকে একই সময় বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের বরিশাল অঞ্চলের আহ্বায়ক দাসগুপ্ত আশিষ কুমার এর সভাপতিত্বে অশ্বিনী কুমার হলের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/২০২৮ ঘ.