২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফজিলাতুন্নেছা মুজিব কলেজ বন্ধের প্রতিবাদ

জামালপুরের মেলান্দহে শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফিসারিজ কলেজ অনির্দিষ্টকাল বন্ধের প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2011, 12:42 PM

Updated : 24 Aug 2022, 02:39 PM

জামালপুর, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-জামালপুরের মেলান্দহে শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফিসারিজ কলেজ অনির্দিষ্টকাল বন্ধের প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার শহরে মানববন্ধন চলাকালে তারা কলেজটিকে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘোষণা এবং কলেজের অধ্যক্ষ শহিদুর রহমানের অপসারণ দাবি করেছে। একই দাবিতে গত কয়েকদিন থেকে শিক্ষার্থীরা আন্দোলন করে আসছিলো। এর জেরে সোমবার রাতে কর্তৃপক্ষ কলেজ বন্ধ করে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফিসারিজ কলেজের ছাত্র কামরুজ্জামান, শেখ জোবায়ের লিয়ন, ইমরান হোসেন, মো. উবায়দুল্লাহ ও সাবিনা ইয়াসমীন লিজা। তারা সময় না দিয়ে কলেজ বন্ধ করে শিক্ষার্থীদের সারারাত বাইরে রাখার ঘটনাকে অমানবিক বলে মন্তব্য করে অবিলম্বে কলেজটি খুলে দেওয়ার দাবি জানান। সোমবার রাতেও শিক্ষার্থীরা জামালপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে কলেজ বন্ধের প্রতিবাদ ও অধ্যক্ষের অপসারণ দাবি করেছে। শিক্ষার্থীদের অভিযোগ, শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফিসারিজ কলেজকে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করার দাবিতে তারা শান্তিপূর্ণ আন্দোলন করে আসছিলো। সোমবার সন্ধ্যায় মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলিশ নিয়ে এসে ছাত্রদের তাৎক্ষণিকভাবে হল ত্যাগের নির্দেশ দেন। ছাত্রীদের বলেন মঙ্গলবার সকাল ৭টার মধ্যে হল ছাড়তে। তারা দাবি করেন, রাতে হঠাৎ হল ত্যাগে বাধ্য করায় অনেক শিক্ষার্থী সারারাত রেল স্টেশন ও বাস স্ট্যান্ডে কাটিয়েছে। কলেজের অধ্যক্ষ শহিদুর রহমান খান বলেন, ছাত্ররা কয়েকদিন ধরে শ্রেণীকক্ষে তালা দিয়ে আন্দোলন করছিলো। তারা কলেজটিকে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা এবং অধ্যক্ষ'র অপসারণ দাবি করে আসছিলো। বাধ্য হয়ে কর্তৃপক্ষ কলেজ বন্ধ ও হল ত্যাগের নির্দেশ দিয়েছে। মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান বলেন, কলেজ কর্তৃপক্ষের লিখিত অনুরোধে পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিক্ষার্থীদের হল থেকে বের করে দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৩৫ ঘ.