২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিপ্রবি সাংবাদিকদের কক্ষে হামলা

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চারটি দৈনিক পত্রিকার প্রতিনিধির হল কক্ষে হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ কর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2011, 05:43 PM

Updated : 24 Aug 2022, 02:37 PM

সিলেট, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চারটি দৈনিক পত্রিকার প্রতিনিধির হল কক্ষে হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ কর্মীরা। এক শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা সংবাদ পরিবেশনের অভিযোগে বৃহস্পতিবার বিকালে শাহপরাণ হলের ২০৫ নম্বর কক্ষে এ হামলার ঘটনা ঘটে বলে দাবি করেন একটি দৈনিক পত্রিকার প্রতিনিধি। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কয়েকজন কর্মী এ হামলা চালায়। ওই কক্ষে স্থানীয় দৈনিক পত্রিকা জালালাবাদ এর প্রতিনিধি এম ইউ শিমুল, দৈনিক দিনকাল এর আজগর খান, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার কাজী রাকিন ও দৈনিক জনতা'র শাহ মো. সবুজ থাকেন। দৈনিক দিনকাল প্রতিনিধি আজগর খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছাত্রলীগ কর্মীরা দু'টি কম্পিউটার, চেয়ার, টেবিল, দরজা ও আসবাবপত্র ভাংচুর করেছে। আগুন দিয়ে বিছানাপত্র পুড়িয়ে দিয়েছে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। তিনি জানান, বৃহস্পতিবার দৈনিক জালালাবাদ পত্রিকায় 'শাবিপ্রবিতে দুই শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও যৌন হয়রানির অভিযোগ: তদন্ত দাবি' শিরোনোমে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ফারুক উদ্দিন ও স্থাপত্য বিভাগের শিক্ষক শুভজিৎ চৌধুরীর বিরুদ্ধে অসত্য তথ্য প্রকাশ করা হয়েছে অভিযোগ করে ছাত্রলীগ নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছে বলে দাবি করেন আজগর খান। পরে এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি একটি জরুরি বৈঠক করে। এদিকে শিক্ষক ফারুক উদ্দিন ও ছাত্রলীগ নেতা-কর্মীরা ওই সংবাদকে 'মিথ্যা ও বানোয়াট' উল্লেখ করে জালালাবাদ পত্রিকার প্রতিবেদকের বিচার দাবি করে প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। হামলার বিষয়ে শাহপরাণ হলের প্রভোস্ট সৈয়দ হাসানুজ্জামান শ্যামল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।" বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এস এম সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘটনা যাচাই করে জড়িতদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/কেএমএস/২২১০ ঘ.