২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটি পিটিআই হোস্টেলে দুপুরে খেয়ে অসুস্থ ৩৪

রাঙামাটির প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) হোস্টেলে খাবার খেয়ে ৩৪ জন অসুস্থ হয়ে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2011, 04:35 PM

Updated : 24 Aug 2022, 02:35 PM

রাঙামাটি, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) হোস্টেলে খাবার খেয়ে ৩৪ জন অসুস্থ হয়ে পড়েছে। শনিবার দুপুরে খাওয়ার পর তারা অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে ৩৩ জন প্রশিক্ষণার্থী ও একজন হোস্টেলের বাবুর্চি। রাঙামাটি সদর হাসপাতালে ৩৩ জনকে এবং অপর ১ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পিটিআইয়ের প্রশিক্ষণার্থীরা জানায়, পুরুষ হোস্টেলে শনিবার দুপুরে বাবুর্চির রান্না করা মুরগির মাংসের তরকারি ও ডাল দিয়ে তারা খাবার সেরে নেয়। খাওয়ার কিছুক্ষণ পর থেকে তারা সবাই অস্বস্তি বোধ করতে থাকে। অনেকে বুকে ব্যাথা ও গলায় জ্বালা অনুভব করতে থাকে। কেউ কেউ জ্ঞান হারিয়ে ফেলে। এ অবস্থায় তাদেরকে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এর মধ্যে হাজাছড়া মধ্যপাড়া রেজিষ্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বরবিন্দু শেখর চাকমার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পিটিআইয়ের প্রশিক্ষক সারোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাবুর্চি নূরুল আমীনকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাবুর্চি জানিয়েছে, সম্ভবত রান্না করা ডাল খাওয়ায় সবাই অসুস্থ হয়ে পড়েছে। রাঙামাটি পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট লক্ষী ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে তদন্ত কমিটি গঠন করা হবে।" রাঙামাটি সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আরএমও ডা. মংক্যাচিং মারমা সাগর জানান, হাসপাতালে ভর্তি ৩৩ জনই বর্তমানে আশঙ্কামুক্ত। অপর একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২২২৫ ঘ.