২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রুয়েট ছাত্রদের হামলা ৫২ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি কলেজ কর্তৃপক্ষের

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ক্যাম্পাসে অগ্রণী স্কুল এন্ড কলেজে হামলার ঘটনায় ৫২ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করেছে কলেজ কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2011, 12:31 PM

Updated : 24 Aug 2022, 02:35 PM

রাজশাহী, ফেব্র"য়াারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ক্যাম্পাসে অগ্রণী স্কুল এন্ড কলেজে হামলার ঘটনায় ৫২ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করেছে কলেজ কর্তৃপক্ষ। শনিবার রাজশাহী শহরের একটি রেস্তেরাঁয় সংবাদ সম্মেলন করে কলেজ কর্তৃপক্ষ ওই ঘটনায় জড়িতদের শাস্তিরও দাবি জানায়। গত বুধবার রুয়েট শহীদ মিনার বেদিতে অগ্রণী স্কুল এন্ড কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি হাসান তারিকের স্যান্ডেল নিয়ে ওঠার জের ধরে রুয়েট শিক্ষার্থীদের সঙ্গে কলেজের ছাত্র ও স্থানীয়দের সংঘর্ষে ১৫ জন আহত হয়। এ সময় রুয়েট শিক্ষার্থীরা কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ এবং কলেজ কার্যালয়ে আগুন দেয়। এই পরিপ্রেক্ষিতে ওইদিনই বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। কলেজেও শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। অগ্রণী স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মোশাররফ হোসেন বাচ্চু সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, রুয়েটের পাঁচ-ছয়শ শিক্ষার্থী বুধবার কলেজের বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চ, কার্যালয় ও শ্রেণীকক্ষে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এতে ছাত্র-ছাত্রীদের ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেট, শিক্ষক-কর্মচারীদের সার্ভিস ফাইল, প্রতিষ্ঠানের হিসাব বইসহ মূল্যবান বহু গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। রুয়েটের ছাত্র রেজা, ফয়সাল, শান্ত, হৃদয়, নয়ন, পলাশ, রোজ, নবিন, মার্শাল, জনি, নাসির, আয়াস, মাসুদ ও জাকির হোসেনের নাম উল্লেখ করে লিখিত বক্তব্যে অভিযোগ করা হয় মুন্না, শামিম ও পাভেলের নেতৃত্বে এ হামলা চালানো হয়। কলেজের স্বাভাবিক কার্যক্রম চালু করার জন্য রুয়েট উপাচার্য অধ্যাপক ড. সিরাজুল করিম চৌধুরী এবং এ বিষয়ে গঠিত তদন্ত কমিটির কাছে শিগগিরই ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান বাচ্চু। সংঘর্ষের ঘটনায় পরদিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই তদন্ত কমিটি গঠন করে। এ বিষয়ে উপাচার্য সিরাজুল করিম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।" অন্যদের মধ্যে অগ্রণী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ তহুরা আক্তার খাতুন, উপাধ্যক্ষ সাইফুল হক, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি রাজশাহী মহানগর শাখার সভাপতি রউস উদ্দিন, সাধারণ সম্পাদক আমিনুর রহমান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/জেকে/১৮৩০ ঘ.