রাজশাহী, ফেব্রুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণার পর হল ছেড়েছে রুয়েট শিক্ষার্থীরা। এদিকে সংঘর্ষের ঘটনায় কয়েকশ ছাত্রকে আসামি করে একটি মামলা হয়েছে।
বুধবার অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও স্থানীয়দের সঙ্গে সংঘাতের পর রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। সংঘর্ষের সময় অগ্রণী কলেজের কার্যালয় এবং কলেজে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চও পুড়িয়ে দেওয়া হয়।
সংঘাতময় পরিস্থিতিতে বুধবার রাতে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়ে বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে সব শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দেয় রুয়েট প্রশাসন।
পুলিশ মোতায়েন থাকা অবস্থায় সকালে শিক্ষার্থীদের হল ছাড়তে দেখা যায়।
অন্যদিকে ভাংচুরের ঘটনায় অজ্ঞাতনামা ৪ থেকে ৫শ জন ছাত্রকে আসামি করে বুধবার রাতেই মতিহার থানায় মামলা করেন অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ তহুরা আকতার খাতুন।
মতিহার থানার সহকারী উপপরিদর্শক মোকলেসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলায় অগ্রণী কলেজের অফিস কক্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ ভাংচুর-অগ্নিসংযোগ, মূল্যবান কাগজপত্র পুড়িয়ে দেয়াসহ ৫২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
মামলায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি বলে বৃহস্পতিবার সকালে জানান তিনি।
সকালে রুয়েট উপাচার্য অধ্যাপক সিরাজুল করিম চৌধুরীও অগ্রণী স্কুলে যান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উদ্ভূত পরিস্থিতি নিয়ে কলেজ কর্তৃপক্ষ ও স্থানীয়দের সঙ্গে আলোচনা চলছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।"
বুধবার দুপুরে অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের কয়েকজন শিক্ষার্থী রুয়েট শহীদ মিনারের বেদিতে চটিসহ ওঠে গেলে রুয়েল শিক্ষার্থীরা তাদের বাধা দেয়। এনিয়েই সংঘাতের সূত্রপাত।
ওই ঘটনার জের ধরে সন্ধ্যায় স্থানীয়দের সঙ্গে রুয়েট শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষ হয়। এতে আহত হয় ১৫ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমআই/১২৪৯ ঘ.
bdnews24