চাঁদপুর, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনিয়মের অভিযোগে চাঁদপুর জেলার কচুয়া উপজেলার রহিমানগর এসএসসি পরীক্ষা কেন্দ্রের আশ্রাফপুর উচ্চ বিদ্যালয় উপকেন্দ্রটি বাতিল করা হয়েছে।
বুধবার স্থানীয় প্রশাসনের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে রহিমানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেনকে রহিমানগর পরীক্ষা কেন্দ্রের সচিবের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক প্রিয়তোষ সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার এসএসসির গণিত বিষয়ের পরীক্ষা চলার সময় পরিদর্শক দল (ভিজিলেন্স টিম) আশ্রাফপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে যায় এবং পরীক্ষার্থীদের কাছ থেকে ১৪টি মোবাইল ফোন সেট জব্দ করে।
এ সময় অসদুপায় অবলম্বনের দায়ে দ্ইু পরীক্ষার্থীকে কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়।
এরপর ভিজিলেন্স টিম রহিমানগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়েও একটি মোবাইল ফোন জব্দ এবং এক পরীক্ষার্থীকে নকলের দায়ে বহিষ্কার করে বলে জেলা প্রশাসক জানান।
বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হলে বুধবার জেলা প্রশাসনের মাসিক সমন্বয় সভায় পরীক্ষা কেন্দ্র বাতিল ও সচিবকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/১৭২৫ ঘ.
bdnews24