২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষ লোকের অভাবে মানুষ সঠিক চিকিৎসা পায় না

স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছেন, আমদানীকৃত চিকিৎসা যন্ত্রপাতির উচ্চমূল্য, এগুলোর পরিচালনা ও মেরামতে দক্ষ লোকের অভাবে দেশের অধিকাংশ মানুষ সঠিক চিকিৎসা সেবা পায় না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2011, 02:07 PM

Updated : 24 Aug 2022, 02:32 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছেন, আমদানীকৃত চিকিৎসা যন্ত্রপাতির উচ্চমূল্য, এগুলোর পরিচালনা ও মেরামতে দক্ষ লোকের অভাবে দেশের অধিকাংশ মানুষ সঠিক চিকিৎসা সেবা পায় না। তিনি বলেন, "চিকিৎসা যন্ত্রপাতি দ্রুত নষ্ট হয়ে যাওয়ার ফলে দেশের জাতীয় সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে।" শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট ভবনে আয়োজিত 'রিজিওনাল কনফারেন্স অন মেডিকেল ফিজিক্স'র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ মেডিকেল ফিজিক্স এসোসিয়েশন (বিএমপিএ) ও ঢাবি বায়োমেডিকেল ফিজিক্স বিভাগ যৌথভাবে দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে। আ ফ ম রুহুল হক বলেন, "দেশের মানুষের জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করতে আমাদের লোকবলকে দক্ষ করে তোলা প্রয়োজন। সেই সঙ্গে প্রয়োজন নতুন কাঠামো ব্যবহার করে সহজভাবে ব্যবহার উপযোগী বিভিন্ন যন্ত্রপাতি আবিষ্কার।" বিএমপিএ'র সভাপতি ও বায়োমেডিকেল ফিজিক্স বিভাগের প্রধান ড. খন্দকার সিদ্দিক-ই-রাব্বানীর সভাপতিত্বে কনফারেন্সে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাবি উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক বারী এলেন প্রমুখ। কনফারেন্স উপলক্ষে সিনেট ভবনে বায়োমেডিকেল ফিজিক্স বিভাগের একদল গবেষকের আবিষ্কৃত কম খরচে চিকিৎসা প্রদানযোগ্য বিভিন্ন যন্ত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০০৫ ঘ.