২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছিনতাইকারীর ছুরিতে চবি শিক্ষক আহত

চট্টগ্রাম নগরীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক। অন্যদিকে ঢাকায় এক নারী এনজিও কর্মকর্তা পড়েছেন ছিনতাইকারীর কবলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2011, 09:14 AM

Updated : 24 Aug 2022, 02:32 PM

ঢাকা, ফেব্রুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক। অন্যদিকে ঢাকায় এক নারী এনজিও কর্মকর্তা পড়েছেন ছিনতাইকারীর কবলে। বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে ঢাকা ও চট্টগ্রামে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যেই বুধবার ছিনতাইয়ের এ ঘটনা ঘটলো। বিশ্বকাপের ছয়টি খেলা হবে ঢাকায়, দুটি চট্টগ্রামে। বন্দর নগরীর রহমান নগর এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. আনোয়ারুল কবীর। তিনি চবি শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ। তিনি ভোর সাড়ে ৬টার দিকে ছিনতাইকারী কবলে পড়েন বলে চবি'র সহকারী প্রক্টর সাইদুল ইসলাম সোহেল জানিয়েছেন। কবীরের বাম পায়ে ছুরিকাঘাত করে তার মোবাইল সেটটি ছিনিয়ে নিয়ে যায়। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সহকারী প্রক্টর সাইদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আনোয়ারুল চট্টগ্রাম রেল স্টেশনে যাওয়ার জন্য রহমান নগরে তার বাসার সামনে সিএনজি অটো রিকশার জন্য অপেক্ষা করছিলেন। ওই সময় তাকে ধরে ছিনতাইকারীরা। ঢাকায় ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে রাজারবাগ পুলিশ লাইনের উত্তর গেটের কাছে। ছিনতাইকারীর কবলে পড়া ইয়ার নেওয়াজ (৩৫) গাইবান্ধা যাচ্ছিলেন। ইয়ার নেওয়াজের ভাই শাহরিয়ার নেওয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার বোন 'বিলিভ ইন্টারন্যাশনাল অনলাইন স্কুল এডুকেশন' নামে একটি বেসরকারি সংস্থার প্রোগ্রাম অফিসার। বুধবার ভোর সাড়ে ৬টার দিকে গাইবান্ধায় গ্রামের বাড়ি যাওয়ার জন্য রিকশা নিয়ে কমলাপুর রেলস্টেশনে যাওয়ার পথে ইয়ার ছিনতাইয়ের শিকার হন বলে শাহরিয়ার জানান। তিনি বলেন, "নম্বরবিহীন একটি প্রাইভেটকারে থাকা ছিনতাইকারীরা বোনের ব্যাগ এবং ল্যাপটপ ছিনিয়ে নিয়ে দ্রুত পালাতে থাকে। তবে ল্যাপটপের ব্যাগটি ঠিকমতো ধরতে না পারায় তা রাস্তায় পড়ে যায়।" ব্যাগে ১০ হাজার টাকা, মোবাইল ফোন ছিলো বলে জানান শাহরিয়ার। তিনি বলেন, ঘটনার পরপরই শাহজাহানপুর মোড়ে কর্তব্যরত পুলিশের দুই সার্জেন্টকে জানানো হয়েছে। তবে থানায় কোনো অভিযোগ করা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এলএইচ/এমআই/১৫১০ ঘ.