২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিকে বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ

প্রাথমিক সমাপনী পরীক্ষায় ফলাফলের ওপর ভিত্তিতে বৃত্তির জন্য নির্বাচিত ৫৪ হাজারেরও বেশি শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে।(বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2011, 07:42 AM

Updated : 24 Aug 2022, 02:32 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাথমিক সমাপনী পরীক্ষায় ফলাফলের ওপর ভিত্তিতে বৃত্তির জন্য নির্বাচিত ৫৪ হাজারেরও বেশি শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে বৃত্তির ফলাফল ঘোষণা করা হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফছারুল আমিন, প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এতে উপস্থিত ছিলেন। এ বছর মোট বৃত্তি পেয়েছে ৫৪ হাজার ৬৭৩ জন। এর মধ্যে টেলেন্টপুলে পেয়েছে ২১ হাজার ৯৯৩ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ৩২ হাজার ৬৮০ জন। গত বছর বৃত্তি পেয়েছিলো ৫০ হাজার শিক্ষার্থী। গতবারের চেয়ে এবার বৃত্তিপ্রাপ্তের সংখ্যা ৪ হাজার ৬৭৩ জন বেশি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী জানান, ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তদের মাসিক ২০০ টাকা এবং এককালীন প্রতি বছর ১৫০ টাকা বৃত্তি দেওয়া হবে। সাধারণ বৃত্তিপ্রাপ্তদের দেওয়া হবে মাসিক ১৫০ টাকা এবং প্রতি বছর এককালীন ১৫০ টাকা। এ সব শিক্ষার্থী ২০১১ সাল থেকে তিন বছর পর্যন্ত এ অর্থ পাবে। মন্ত্রী বলেন, "সরকারের অনুমতি পেলে বৃত্তির সংখ্যা আরো বাড়ানো হবে। এ সংখ্যা ১ লাখ ১০ হাজার করার জন্য সরকারের কাছে অনুমতি চাওয়া হয়েছে।" গত বছরের ২৩ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত প্রাথমকি সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর ২৮ ডিসেম্বর হয় ফল প্রকাশ। এতে উত্তীর্ণ হয় ১৭ লাখ ৯১ হাজার ৬৫১ জন। সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পেয়েছে ৩০ হাজার ২৮০ জন, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পেয়েছে ৩ হাজার ৯৪১ জন, পিটিআই সংযুক্ত পরীক্ষণ বিদ্যালয়ে ১৯৮ জন, রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪ হাজার ৭৭৪ জন, কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ে ৪৫৩ জন, ব্র্যাক পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ে ১ হাজার ৮৯৫ জন, শিশু কল্যাণ ট্রাস্ট প্রাথমিক বিদ্যালয়ে ১৫ জন, আনন্দ স্কুলে ১২১ জন এবং অন্যান্য স্কুলে ১২ হাজার ৯৯৬ জন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dpe.gov.bd এ ফলাফল পাওয়া যাচ্ছে। এছাড়াও টেলিটক মোবাইলে http: dpe.teletalk.com.bd এ ফলাফল পাওয়া যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এমইউএস/এমআই/১৪০৪ ঘ.