২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবি চারুকলা ইনস্টিটিউটের যাত্রা শুরু

নাচে-গানে ভরপুর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) চারুকলা ইনস্টিটিউটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2011, 05:30 PM

Updated : 24 Aug 2022, 02:29 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাচে-গানে ভরপুর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) চারুকলা ইনস্টিটিউটের। বুধবার সকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ইনস্টিটিউটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর বিকালে এর প্রাঙ্গনে বসে শিল্পী, শিক্ষক আর শিক্ষার্থীদের মিলনমেলা। অনুষ্ঠানের শুরুতে চারুকলা বিভাগের ১২ জন শিক্ষার্থী অংশ নেন ফ্যাশন প্যারেডে। বাঙালি, চাকমা, মারমা আর চীন-জাপানের ঐতিহ্যবাহী পোশাক পরে সুরের তালে তালে মডেলদের ক্যাটওয়াক উপভোগ করেন দর্শকরা। এ যেন দেশীয় ঐতিহ্যের সাথে বৈশ্বিক চেতনার সমন্বয়। 'ওই যে দেখা যায় রে, হিজল তলির গাঁয় রে। ওই গাঁয়ে এক মেয়ে ছিল পরী বানু নাম'- এই গানের সঙ্গে বাঙালি তিন কিশোরীর নাচ দিয়ে শুরু হয় চবি'র নাট্যকলা বিভাগের প্রযোজনা 'পরী বানু' নাটকটি। কিন্তু পরী বানুর হিজল তলি গাঁয়ে হানা দেয় পাকিস্তানি সৈন্যরা, তাদের পথ দেখিয়ে আনে এক রাজাকার। শুরু হয় গেরিলা প্রশিক্ষণ। এরপর সম্মুখ সমরে অবতীর্ণ হয় বাংলার দামাল ছেলেরা। মুক্তিযোদ্ধাদের গুলিতে যখন এক এক জন পাকিস্তানি সেনা লুটিয়ে পড়ছিল মাটিতে, তখন বিজয়ের উল্লাসে মেতে ওঠেন শ'পাঁচেক দর্শক। যেন নবীন প্রজন্ম প্রত্যক্ষ করল আরেক বিজয়। তখন আবহ সঙ্গীত বেজে ওঠে 'জয় বাংলা, বাংলার জয়।' বিজয় এলো কিন্তু হারিয়ে গেল পরী বানু - 'দুষ্টুমিতে করত সে যে উথাল-পাথাল গ্রাম, জীবন দিয়ে রাখল পরী স্বাধীনতার মান।' এরপর পরীর এক সাথী মঞ্চে ওড়ালেন লাল-সবুজের পতাকা। মঞ্চ থেকে নেমে সেই কিশোরী পতাকাটি তুলে দিলেন চারুকলা বিভাগের শিক্ষক অধ্যাপক মনসুরুল করিমের হাতে। তখন প্রতুল মুখোপাধ্যায়ের কণ্ঠে (আবহ সংঙ্গীত) বেজে উঠল 'আমি বাংলার গান গাই'। মঞ্চে বিজয়ী মুক্তিযোদ্ধাদের হাতে আর দর্শক সারিতে শিক্ষকদের হাতে পত পত করে উড়ছে স্বাধীন বাংলাদেশের পতাকা। নাটকের পর ছিল চারুকলার শিক্ষার্থীদের পরিবেশনায় গানের অনুষ্ঠান। নবীন প্রজন্মের ক্যানভাসের যোদ্ধারা গেয়ে উঠলেন, 'আমরা ক'জন নবীন মাঝি হাল ধরেছি, তীর হারা এ ঢেউয়ের সাগর পাড়ি দেব রে।' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এইচএ/২৩২৭ ঘ.