চাঁদপুর, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল ঘোষণার দাবিতে কচুয়া উপজেলায় মাঝিগাছা উচ্চ বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্র ও অভিভাবকরা।
শনিবার সকালে তালা ঝোলানোর পর তারা জানান, ফলাফল ঘোষণা না করা পর্যন্ত বিদ্যালয় বন্ধ থাকবে।
ফলাফল ঘোষণা দীর্ঘায়িত করে অনিয়মের মাধ্যমে কোনো প্রার্থীকে নিয়োগ দেওয়ার চেষ্টা চলছে বলে তারা অভিযোগ করেন।
বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, গত বুধবার ওই বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১১ আবেদনকারীর মধ্যে আটজন অংশ নেন।
এরা হলেছন- মাঝিগাছা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুর রাজ্জাক, সহকারী শিক্ষক কবির উদ্দিন, নোয়াব মিয়া, কাঞ্চন চন্দ্র বণিক, বাড়িপাড়া হাইস্কুলের সহকারী শিক্ষক হীরন্ময় ভৌমিক, গল্লাই কমপ্লেক্সের মোস্তফা কামাল ও সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলমগীর হোসেন।
গত তিনদিন ধরে অভিভাবকরা প্রকৃত মেধাবী ও যোগ্য প্রার্থীকে নিয়োগ দেওয়ার দাবি জানায় পরীক্ষা সংশ্লিষ্টদের কাছে। কিন্তু তারা ফলাফল প্রকাশে গড়িমসি করে অনিয়ম করার চেষ্টা করছে।
মাঝিগাছা উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি শহিদ দর্জি সাংবাদিকদের বলেন, এটা ষড়যন্ত্র। কেউ শিক্ষার্থীদের উসকে দিয়ে এ ধরনের ঘটনা ঘটিয়েছে।
কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম পাটওয়ারী বলেন, নিয়োগ প্রক্রিয়া সঠিক হয়নি। এজন্যই এই অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে।
কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান উল্লাহ চৌধুরী এ ব্যাপারে সাংবাদিকদের কিছু বলতে অপারগতা প্রকাশ করেন।
কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরে আলম সিদ্দিকী বলেন, শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা এমনটি করেছে। বিষয়টি নিয়ে তিনি বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতির সঙ্গে আলোচনা করবেন বলে জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১৩ ঘ.
bdnews24