২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রী উত্ত্যক্ত: দুই কলেজের ভাংচুর, ধাওয়াধাওয়ি

ছাত্রী উত্ত্যক্ত করার জের ধরে রাজধানীতে দুটি কলেজের শিক্ষার্থীরা একে অপরের কলেজে ভাংচুর করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2011, 11:00 AM

Updated : 24 Aug 2022, 02:27 PM

ঢাকা, ফেব্রুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রী উত্ত্যক্ত করার জের ধরে রাজধানীতে দুটি কলেজের শিক্ষার্থীরা একে অপরের কলেজে ভাংচুর করেছে। শনিবার দুপুরে এই ভাংচুর ও দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে তিন চারজন ছাত্র আহত হয়। পুলিশ জানায়, শনিবার দুপুর সোয়া ২টার দিকে ঢাকা সিটি কলেজ ও আইডিয়াল কলেজের ছাত্ররা এ ঘটনা ঘটায়। তারা একে অপরের কলেজে হামলা চালিয়ে ভবনের কাঁচ ভাংচুর করে। সিটি কলেজের শিক্ষার্থী মো. সবুজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আইডিয়াল কলেজের কয়েকজন ছাত্র বৃহস্পতিবার সিটি কলেজের কয়েকজন ছাত্রীকে উত্ত্যক্ত করার সময় ওই ছাত্রদের ধরে সিটি কলেজের ছাত্ররা তাদের ক্যাম্পাসে আটক করে রাখে। পরে এক পর্যায়ে তাদের ছেড়ে দেওয়া হয়। এদিকে এই ঘটনার জের ধরে আইডিয়াল কলেজের একদল ছাত্র শনিবার দুপুরে সিটি কলেজে গিয়ে হামলা চালায় এবং ভবনের কাঁচ ভাংচুর করে। সবুজ বলেন, "এরপর সিটি কলেজের একদল ছাত্র আইডিয়াল কলেজে গিয়ে হামলা চালায়।" সিটি কলেজের ইংরেজী বিভাগের শিক্ষক কাজী নিয়ামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এই হামলা ও ভাংচুরের সময় দুই কলেজের ছাত্রদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে সিটি কলেজের তিন চারজন ছাত্র আহত হয়েছে।" ধানমণ্ডি থানার ওসি মো. শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুই কলেজের ছাত্রদের মধ্যে প্রায় আধা ঘণ্টা সময় ধরে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।" সিটি কলেজের অধ্যক্ষ শাহজাহান খান ও আইডিয়াল কলেজের অধ্যক্ষ ড. শামছুল আলম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তারা বলেন, "ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সে লক্ষ্যে আমরা আইডিয়াল কলেজে বসে বিষয়টি নিয়ে আলোচনা করছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/এমইউএস/কেএমএস/১৬৫৪ ঘ.