২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নকল দিতে গিয়ে সেনাসদস্য আটক, মুচলেকায় মুক্ত

দাখিল পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় একটি পরীক্ষা কেন্দ্র থেকে এক সেনা সদস্যকে আটক করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2011, 01:47 PM

Updated : 24 Aug 2022, 02:26 PM

গোপালগঞ্জ, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দাখিল পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় একটি পরীক্ষা কেন্দ্র থেকে এক সেনা সদস্যকে আটক করা হয়। পরে তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া ওই কেন্দ্র থেকে দুই ভূয়া পরীক্ষার্থী ও এর সঙ্গে জড়িত এক মাদ্রাসা শিক্ষককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার মুকসুদপুর কলেজ কেন্দ্রে ৭ নম্বর কক্ষ থেকে সেনা সদস্য শহিদউল্লাহকে একটি বইসহ আটক করে পুলিশ। শহিদউল্লাহ সেনাবাহিনীর বগুড়া ক্যান্টমেন্টে কর্মরত। তিনি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রসুলপুর গ্রামের বাবর আলী মোল্যার ছেলে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ রায়হান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "১৪৪ ধারা ভঙ্গ করে পরীক্ষা কেন্দ্রে ঢুকে নকল সরবরাহের অপরাধে তাকে আটক করা হয়।" তিনি জানান, দাখিল কোরান মজিদ পরীক্ষা শুরুর আধা ঘণ্টা পর শহিদ একটি বই নিয়ে ৭ নম্বর কক্ষে ঢুকলে সহকারী হল সচিব খ ম শাহাদাৎ হোসেন মিজান তাকে চ্যালেঞ্জ করেন। পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে কাশিয়ানি উপজেলার রাজপাট গ্রামের আব্দুর রহমানের ছেলে হিসাবে পরিচয় দেয়। ইউএনও বলেন, "বিষয়টি আমাকে জানানো হলে আমি তাৎক্ষণিকভাবে তাকে আটকের নির্দেশ দেই। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। এছাড়া একই কেন্দ্রে অন্যের নাম ব্যবহার করে পরীক্ষা দেওয়ায় শালিনাবকসা মাদ্রাসার ছাত্র জিহাদ শেখ (১৮), নূর হাসান ওরফে রাজু (১৮) এবং ওই মাদ্রাসার শিক্ষক মাওলানা সুলতান আহম্মেদকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মুকসুদপুর কলেজের কেন্দ্র সচিব রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সুলতান আহম্মেদ তার মাদ্রাসার ছাত্র মো. বাপ্পি শেখ ও মো. ওহিদ খানকে পরীক্ষার্থী হিসেবে নিবন্ধন করান। "কিন্তু তাদের পরিবর্তে তিনি জিহাদ শেখ ও নূর হাসানকে দিয়ে পরীক্ষা দেওয়ান।" কেন্দ্র সচিব জানান, সহকারী কেন্দ্র সচিব খ ম শাহাদৎ হোসেন মিজান বিষয়টি ধরে ফেলেন। পরীক্ষা শেষে দুপুর ২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক পারভেজ রায়হান তাদের সাজা দেন। তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৯৪৬ ঘ.