গাজীপুর, ফেব্রুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেস মালিকের হাতে এক শিক্ষার্থী লাঞ্ছিত হওয়ার ঘটনায় বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা কোনো ক্লাস ও পরীক্ষায় অংশ নেয়নি।
এ সময় তারা চার দফা দাবিতে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ মিছিল করে।
পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করার আশ্বাস দিলে ধর্মঘট প্রত্যাহার করা হয়। এখন ক্যাম্পাস পরিস্থিতি শান্ত কর্তৃপক্ষ জানিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স ও ইলেকট্রনিক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মওদুদ আহমেদকে ক্যাম্পাস সংলগ্ন মেস 'জেনেভা হাউজ'র মালিক আবুল হোসেন লাঞ্ছিত করে বলে অভিযোগ উঠেছে।
মওদুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেসে ভালো আসন দেওয়ার কথা বলে তিন মাস আগে আবুল হোসেন তার কাছ থেকে আগাম টাকা নেন। ফেব্র"য়ারি মাসে তাকে ভালো আসন দেওয়ার কথা ছিলো।
কিন্তু মঙ্গলবার মওদুদ মেসে গিয়ে দেখেন, আসনটি অন্য আরেকজনের কাছে ভাড়া দেয়া হয়েছে। এমনকি তিনি আগে যে আসনে থাকতেন তাও অন্য জনকে ভাড়া দেওয়া হয়েছে।
এর কারণ জানতে চাইলে মেস মালিক লাঞ্ছিত করে বলে অভিযোগ করেন মওদুদ। তবে মেস মালিক আবুল হোসেন ছাত্র লাঞ্ছিতের ঘটনা অস্বীকার করেছেন।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ বিষয়ক পরিচালক অধ্যাপক আবু নাঈম শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকালে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করলেও দুপুর দেড়টার পর থেকে অনেকেই পরীক্ষায় অংশ নেয়।"
শিক্ষার্থীদের ৪ দফা দাবিগুলো হচ্ছে- মেস মালিকের বিচার, আবাসন সমস্যার সমাধান, ক্যাম্পাসের আয়তন বৃদ্ধি ও মেসে অবস্থানরত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা।
বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৫০৫ ঘ.
bdnews24