ঢাকা, ফেব্র"য়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অমর একুশে ফেব্র"য়ারি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠন করেছে।
বুধবার সকালে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক এতে সভাপতিত্ব করেন।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অমর একুশে উদযাপন কেন্দ্রীয় সমন্বয় কমিটির সমন্বয়কারী করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনকে। যুগ্ম সমন্বয়কারী করা হয় শিক্ষক সমিতির সহ-সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইনকে।
প্রক্টর ড. কে এম সাইফুল ইসলাম খান এই কমিটির সদস্য-সচিবের দায়িত্ব পালন করবেন।
এছাড়া ১১টি উপ-কমিটি গঠন করা হয়েছে। এগুলো হচ্ছে- ঘোষণা মঞ্চ ব্যবস্থাপনা উপ-কমিটি, সাজ-সজ্জা উপ-কমিটি, জরুরি চিকিৎসা ব্যবস্থাপনা উপ-কমিটি, বৈদ্যুতিক আলো ব্যবস্থাপনা উপ-কমিটি, পরিবহন উপ-কমিটি, বাজেট উপ-কমিটি, আপ্যায়ন উপ-কমিটি, স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনা উপ-কমিটি, শৃঙ্খলা উপ-কমিটি, দাপ্তরিক কার্যাবলী ব্যবস্থাপনা উপ-কমিটি এবং একুশের রাতে শারীরিক শিক্ষা কেন্দ্রের সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ উপ-কমিটি।
সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মীজানুর রহমান, বিভিন্ন অনুষদের ডীন, হলের প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, সিনেট-সিন্ডিকেট সদস্য ও শিক্ষক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এইচএ/২০৪০ ঘ.
bdnews24