২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনের মদদে হল 'দখল' জাবিতে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের পৃষ্ঠপোষকতায় অস্ত্র নিয়ে ছাত্রলীগের একটি অংশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের দখল নিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ জন্য হলের ছাত্রলীগের অন্য অংশের ধাওয়ার মুখেও পড়তে হয় প্রক্টর ও সহকারী প্রক্টরদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2011, 05:48 AM

Updated : 24 Aug 2022, 02:26 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ফেব্রুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের পৃষ্ঠপোষকতায় অস্ত্র নিয়ে ছাত্রলীগের একটি অংশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের দখল নিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ জন্য হলের ছাত্রলীগের অন্য অংশের ধাওয়ার মুখেও পড়তে হয় প্রক্টর ও সহকারী প্রক্টরদের। হলের শিক্ষার্থীরা জানায়, মঙ্গলবার রাত ১০টার দিকে ছাত্রলীগের একাংশের নেতারা প্রক্টর ও সহকারী প্রক্টরদের সঙ্গে অস্ত্র নিয়ে হলে ঢুকতে গেলে ছাত্রলীগের হলে থাকা অংশটি তাদের ধাওয়া করে। ধাওয়ার মুখে তারা পিছু হটলে হলের ছাত্রলীগকর্মীরা গেট আটকে দেয়। পরে বুধবার প্রথম প্রহরে পুলিশ এসে হলে তল্লাশি চালায়। আর পুলিশের উপস্থিতিতেই প্রশাসনের মদদে ছাত্রলীগের অন্য অংশ অস্ত্র নিয়ে হলের নিয়ন্ত্রণ নেয় বলে ছাত্ররা জানায়। সরকার সমর্থক ছাত্রলীগের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রাশেদুল ইসলাম শাফিন এবং সাধারণ সম্পাদক নির্ঝর আলম সাম্য বর্তমানে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত। গত বছরের ৫ জুলাই আল বেরুনী হলে তাদের সমর্থকদের সংঘর্ষের পর প্রশাসন এ পদক্ষেপ নেয়। দুজনই এখন ক্যাম্পাসের বাইরে অবস্থান করছেন। ক্যাম্পাসে বিরোধ থাকলেও বহিষ্কৃত দুই নেতা মঙ্গলবার বিকালে ঢাকায় এক সংবাদ সম্মেলনে উপাচার্য শরীফ এনামুল কবীরের বিরুদ্ধে ছাত্রলীগের একাংশকে মদদ দেওয়ার অভিযোগ আনেন। আর এর সাত ঘণ্টার মধ্যে শাফিন সমর্থকদের নিয়ন্ত্রণে থাকা বঙ্গবন্ধু হলের 'দখল' নিলো ছাত্রলীগের ক্যাম্পাসে থাকা একটি অংশ। বঙ্গবন্ধু হলের নিয়ন্ত্রণ নেওয়ার সময় বিশ্ববিদ্যালয় কমিটির সহসভাপতি এসএম নিয়ামুল পারভেজ, ছাত্রলীগ হতে বহিষ্কৃত যুগ্মসাধারণ সম্পাদক আজগর আলী, এসএম শামিম, শেখ মো. শরিফকে সক্রিয় দেখা গেছে। যারা বর্তমান প্রশাসনের আশীর্বাদ পাচ্ছে বলে অভিযোগ ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক সমর্থকদের। এর মধ্যে প্রথমবার ঢোকার চেষ্টার সময় শামিমের হাতে অস্ত্র ছিলো বলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী জানায়। রাত পৌনে ১টার দিকে পুলিশের সামনেই সহকারী প্রক্টর মো. কামাল হোসেনসহ ছাত্রলীগের প্রশাসনের 'মদদপুষ্ট' অংশটি অস্ত্র, রড ও লাঠিসোঁটা নিয়ে হলে ঢুকলেও আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা চোখে পড়েনি। এ বিষয়ে থানার ওসি সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, "সহকারী প্রক্টর ওদের সঙ্গে নিয়ে হলে ঢুকেছে। এতে আমাদের কী করার আছে?" রাত ১টায় তল্লাশির আগ পর্যন্ত সভাপতি সমর্থক ছাত্রলীগ নেতা সাদি ও তার সঙ্গীরা হলে ছিলেন। তল্লাশি শুরু হলে তারা পালিয়ে যান। এর আগে সাদি সাংবাদিকদের বলেন, "শামিম ও শরিফকে হলে তোলার জন্য রাত সাড়ে ৮টার (মঙ্গলবার) দিকে সালাম-বরকত হলে প্রক্টর আমাদের সঙ্গে বৈঠক করেন। তবে শামিমের বিষয়ে কোনো সমস্যা না থাকলেও শরিফের ছাত্রত্ব শেষ হয়ে যাওয়ায় তার হলে ওঠা নিয়ে আমরা আপত্তি জানিয়েছিলাম।" তল্লাশির সময় হাতুড়ি ও রডসহ প্রশাসনের 'মদদপুষ্ট' অংশের ছাত্রলীগকর্মী রাজু (বাংলা বিভাগ, ৩৫তম ব্যাচ) এবং আসলামকে (সরকার ও রাজনীতি বিভাগ, ৩৭তম ব্যাচ) আটক করে। তবে প্রাধ্যক্ষ আব্দুল মান্নানের অনুরোধে তাদের সঙ্গে সঙ্গেই ছেড়ে দেওয়া হয়। এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, "প্রাধ্যক্ষের অনুরোধে দুজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।" রাত আড়াইটায় পুলিশের তল্লাশির পর হল থেকে চলে যান প্রক্টর আরজু মিয়া এবং সহকারী প্রক্টররা। সশস্ত্র ছাত্রলীগকর্মীদের হল 'দখলে' সহায়তা করার অভিযোগ নিয়ে তাদের অনেক প্রশ্ন করা হলেও তারা সাংবাদিকদের কোনো প্রশ্নেরই উত্তর দেননি। তবে প্রাধ্যক্ষ মান্নান বলেন, "অস্ত্র নিয়ে কেউ হলে ঢুকলে তদন্ত করে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।" প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ এনে জাবি ছাত্রলীগ সভাপতি রাশেদুল হাসান শাফিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উপাচার্যের নিজ অঞ্চলের ছাত্রলীগকর্মীদের হলে প্রতিষ্ঠিত করতে এ অভিযান চালানো হয়েছে।" উপাচার্য শরীফ এনামুল কবীরের বাড়ি গোপালগঞ্জে। রাতে হল 'দখলে' সক্রিয় শামিম ও শরীফের বাড়িও গোপালগঞ্জে। তল্লাশি অভিযানে একটি আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ রড ও লাঠি উদ্ধার করা হয়েছে বলে ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার শেখ রফিক জানান। হলের শিক্ষার্থীরা জানায়, পিস্তলটি শামিম প্রথমে হলে ঢোকার সময় নিয়ে এসেছিলো। তবে ধাওয়ার মুখে এটি ফেলে যান তিনি। এটি পাওয়া যায় হলের ফটকের পাশে। এর আগে গত ২৭ জানুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের ছয়টি আবাসিক হলে পুলিশ তল্লাশি চালিয়েছিলো। তবে কিছু পায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৪৫ ঘ.