নোয়াখালী, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০১১-১২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে শুক্রবার।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা এম তামজিদ হোসাইন চৌধুরী জানান, আটটি কেন্দ্রে তিন শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিনটি গ্রুপে মোট ১১ হাজার ২৭৭ জন ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে।
বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা ‘এ’ গ্রুপের, দুপুর ১২টা থেকে ১টা ‘বি’ গ্রুপের এবং সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ‘সি’ গ্রুপের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।
কেন্দ্রগুলো হলো- নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী সরকারি মহিলা কলেজ, নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নোয়াখালী জিলা স্কুল, হরিনারায়ণপুর উচ্চ বিদ্যালয়, অরুণ চন্দ্র উচ্চ বিদ্যালয় ও সোনাপুর ডিগ্রি কলেজ।
তামজিদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আরো জানান, পরীক্ষার সময় পরীক্ষার্থীদের এইএসসি বা সমমানের মূল রেজিস্ট্রেশন কার্ডের দু’টি সত্যায়িত ফটোকপি ও দুই কপি রঙ্গিন পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি সঙ্গে আনতে হবে।
ভর্তি পরীক্ষার আসন পরিকল্পনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nstu.edu.bd) দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/১৯৪২ ঘ.
bdnews24