২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেএসসি: ঢাকা বোর্ডে সেরা রাজউক উত্তরা মডেল

এ স্কুলের ৩৩৯ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩০৪ জন; পাস করেছে সবাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2011, 11:09 AM

Updated : 24 Aug 2022, 05:29 PM

ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার এবার ঢাকা বোর্ডে সেরা ফল করেছে রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ। এবার এ স্কুলের ৩৩৯ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩০৪ জন; পাস করেছে সবাই। শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বুধবার বেলা সাড়ে ১২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ ফলাফলের কপি হস্তান্তর করেন। বিকালে সংবাদ সম্মেলন করে এবারের ফল সম্পর্কে বিস্তারিত জানান তিনি। এবার সারা দেশে জেএসসিতে পাসের হার ৮২ দশমিক ৬৭ শতাংশ। এর মধ্যে ঢাকা বোর্ডে পাস করেছে ৮১ দশমিক ৪৫ শতাংশ শিক্ষার্থী। এ বোর্ডের মোট ১২ হাজার ২১ জন ছাত্র-ছাত্রী জিপিএ-৫ পেয়েছে এবার। নিবন্ধিত শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর হার, পাসের হার, জিপিএ-৫ পাওয়ার হার, পরীক্ষার্থীর সংখ্যা এবং শিক্ষা প্রতিষ্ঠনের গড় জিপিএ- এই পাঁচটি মানদণ্ডের ভিত্তিতে সেরা ২০ স্কুলের একটি তালিকা প্রকাশ করেছে ঢাকা বোর্ড কর্তৃপক্ষ। এই মানদণ্ড অনুযায়ী ৯২ দশমিক ৮৬ স্কোর নিয়ে তালিকার শীর্ষে আছে রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ। শীর্ষ ২০ এর বাকি প্রতিষ্ঠানগুলো হলো- মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ (৮৭ দশমিক ০৮), মির্জাপুর ক্যাডেট কলেজ (৮৬ দশমিক ৯৮), ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ (৮৬ দশমিক ৫৬), ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ (৮৩ দশমিক ১৫), ময়মনসিংহ গালর্স ক্যাডেট কলেজ (৮৩ দশমিক ১৩), ময়মনসিংহের বিদ্যাময়ী বালিকা উচ্চ বিদ্যালয় (৮২ দশমিক ৬৩), টাঙ্গাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (৮২ দশমিক ৫৪), সেন্ট যোশেফ হাই স্কুল (৮২ দশমিক ৪০), ময়মনসিংহ জিলা স্কুল (৮০ দশমিক ০৮), হলিক্রস গার্লস হাই স্কুল (৭৯ দশমিক ৯১), ঢাকার বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল (৭৯ দশমিক ৭০), মতিঝিল গভ. গালর্স হাই স্কুল (৭৯ দশমিক ৩১), মতিঝিল গভ. বয়েজ হাই স্কুল (৭৮ দশমিক ৬০), শামসুল হক হাই স্কুল (৭৮ দশমিক ৪৯), নরসিংদীর এ কে এম হাই স্কুল অ্যান্ড হোমস (৭৮ দশমিক ১৮), উত্তরা হাই স্কুল (৭৮ দশমিক ০৪), টাঙ্গাইলের বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয় (৭৭ দশমিক ৭৩), সরকারি ল্যাবরেটরি হাই স্কুল (৭৭ দশমিক ৭১) ও গাজীপুরের সাইফুদ্দিন সরকার একাডেমি (৭৭ দশমিক ৬৪)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এসএন/জেকে/১৭০০ ঘ.