২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আগামীতে শিক্ষার্থীরা পাবে ইলেকট্রনিক বই’

ভবিষ্যতে কাগজের বইয়ের পরিবর্তে শিক্ষার্থীদের হাতে ইলেকট্রনিক বই তুলে দেওয়ার আশার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2011, 09:06 AM

Updated : 24 Aug 2022, 05:29 PM

ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভবিষ্যতে কাগজের বইয়ের পরিবর্তে শিক্ষার্থীদের হাতে ইলেকট্রনিক বই তুলে দেওয়ার আশার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যশোর জিলা স্কুলের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষাল ফল ঘোষণার পর তিনি বলেন,“ভবিষ্যতে আমরা প্রত্যেক ছেলে মেয়ের হাতে কাগজের মোটা বই নয়, ইলেকট্রনিক বই তুলে দেবো। সব বই (এক ডিভাইসে) ওখানেই থাকবে। ওটা হাতে নিয়ে গিয়েই তারা পড়াশুনা করবে। কাগজের মোটা বই আর বহন করতে হবে না।” এর আগে শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রীর কাছে এবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল হস্তান্তর করেন। এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে জেএসসি পরীক্ষায় পাসের হার ৮২ দশমিক ৬৭ শতাংশ। আর মাদ্রাসা বোর্ডের অধীনে জেডিসিতে উত্তীর্ণ হয়েছে ৮৮ দশমিক ৭১ শতাংশ শিক্ষার্থী। আগামী শিক্ষাবর্ষের নতুন বই ইতোমধ্যে সারা দেশে পৌঁছে গেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “উপজেলা পর্যায়ে সকল বই পৌছে গেছে। তবে হতাশাব্যঞ্জক কিছু শ্রেণী হতাশার কথা লিখছেন এবং টকশোতে প্রচার করছেন। কিছু খবরের কাগজ পড়লে মনে হয় কিছুই হবে না।” তিনি দাবি করেন, বর্তমান সরকার শিক্ষার সব পর্যায়ে সেশন জট দূর করতে পেরেছে। “বর্তমানে সেশনজট বলতে আর কিছুই নেই”, বলেন প্রধানমন্ত্রী। পঞ্চম ও অষ্টম শ্রেণী সমাপনী পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের পরীক্ষাভীতি দূর হচ্ছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “আমাদের প্রধান লক্ষ্য দারিদ্র বিমোচন। আর এর মূল হাতিয়ার হচ্ছে শিক্ষা।” তিনি বলেন, আগে বাবা মায়েরা মেয়েদের শিক্ষার জন্য খরচ করতে না চাইলেও এখন পরিস্থিতি পাল্টে গেছে। “সুশিক্ষিত হয়ে সবাই নিজের পায়ে দাড়াবে আমরা সেই পরিবেশ সৃষ্টি করতে চাই,” যোগ করেন তিনি। এবার ৩৭ দিনে ফল দেওয়া সম্ভব হওয়ার পুরো প্রক্রিয়ার সঙ্গে জড়িত শিক্ষক-শিক্ষিকাসহ অন্যদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, পাসের হার একটি স্থিতিশীল পর্যায়ে পৌঁছেছে। “মাধ্যমিক পর্যায়ে মোট আড়াই লাখ শিক্ষককে আমরা প্রশিক্ষণ দিয়েছি। পাসের হার ও শিক্ষার মান বৃদ্ধিতে এর প্রভাব পড়েছে”, যোগ করেন মন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এসএন/জেকে/১৫০৪ ঘ.