২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘শিক্ষা প্রতিষ্ঠানে শাস্তির বিরুদ্ধে জনমতই গুরুত্বপূর্র্ণ’

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শারীরিক শাস্তির বিরুদ্ধে জনমত তৈরি করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2011, 03:54 PM

Updated : 24 Aug 2022, 05:28 PM

ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শারীরিক শাস্তির বিরুদ্ধে জনমত তৈরি করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। একই সঙ্গে শারীরিক শাস্তির বিষয়ে শিক্ষকদের মনোভাব পরিবর্তনের প্রতিও গুরুত্ব আরোপ করেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় বিয়াম ফাউন্ডেশনে ‘শিক্ষা প্রতিষ্ঠানে শারীরিক শাস্তি দূূরীকরণ’ শিরোনামের জাতীয় কর্মশালায় তিনি বলেন, “শিক্ষকদের বিভিন্ন ট্রেনিং, নির্দেশিকার মধ্যে বিষয়টি নিয়ে আসা হচ্ছে। কিন্তু শুধু নীতিমালা প্রণয়ন কিংবা আইন করে বিষয়টি সুরাহা করা যাবে না।” ২০১০ সালে শিক্ষা প্রতিষ্ঠানে শারীরিক শাস্তিকে মানবাধিকার লঙ্ঘন হিসাবে বিবেচনা করে এর বিরুদ্ধে আইন ও সালিশ কেন্দ্র (আসক) এবং বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রান্স (ব্লাস্ট) আদালতে একটি রিট পিটিশন দায়ের করে। ২০১১ সালের ১৩ জানুয়ারি সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে শারীরিক শাস্তিকে শিশুদের জীবন ও ব্যক্তিস্বাধীনতার সাংবিধানিক অধিকার লঙ্ঘন এবং মানবাধিকার পরিপন্থী হিসাবে রায় দেয়। এর পরিপ্রেক্ষিতে ২০১১ সালের ২৫ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা প্রতিষ্ঠানে শারীরিক এবং মানসিক শাস্তি নিষিদ্ধ করে ‘শিক্ষা প্রতিষ্ঠানে শারীরিক ও মানসিক শাস্তি রহিত করা সংক্রান্ত নীতিমালা-২০১১’ জারি করে। শিক্ষামন্ত্রী বলেন, “নীতিমালা প্রণয়নের ফলে শারীরিক শাস্তির প্রবণতা কিছুটা হলেও কমেছে।” “কিন্তু এটাই যথেষ্ট নয়। একজন শিক্ষার্থীর কাছ থেকে তার সেরাটা বের করে নিতে হলে শিক্ষককে ওই শিক্ষার্থীর প্রতিও শ্রদ্ধাশীল হতে। বুঝতে হবে তার মানসিকতা।” কর্মশালায় উপস্থিত লেখক মুহাম্মদ জাফর ইকবাল বলেন, “শিক্ষার্থীর ওপর প্রভাব বিস্তারে একজন শিক্ষকের প্রবল ক্ষমতা থাকে। অনেক ক্ষেত্রে সেটা মা-বাবার থেকেও বেশি হয়। সেইক্ষেত্রে শাস্তির বদলে শুধু ভালবাসা আর সচেতনতা দিয়েই অনেক সমস্যার সমাধান করা সম্ভব।” আসক, ব্লাস্ট এবং গণসাক্ষরতা অভিযান আয়োজিত এই কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিচারপতি মো. ইমান আলী, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেহতাব খানম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/পিডি/২১৪৫ ঘ.