২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি গ ইউনিটের ফল প্রকাশ

অনেক জটিলতার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছে ৩৩৯৬ জন, যাদের মধ্যে ভর্তির সুযোগ পাবে ১০৭৫ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2011, 12:56 PM

Updated : 24 Aug 2022, 05:26 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনেক জটিলতার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘গ’ ইউনিটের দ্বিতীয় দফা ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছে ৩ হাজার ৩৯৬ জন, যাদের মধ্যে ১ হাজার ৭৫ জন ভর্তির সুযোগ পাবে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.du.ac.bd এবং ’গ’ ইউনিটের ওয়েবসাইটে http://gaunit.univdhaka.edu থেকে পরীক্ষার্থীরা ফল জানতে পারবে। এছাড়া মোবাইল ফোনে (রবি, বাংলালিংক, সিটিসেল ও এয়ারটেল) ফল জানতে চাইলে ম্যাসেজ অপশনে গিয়ে DU GA টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠাতে হবে। প্রথম দফায় প্রশ্নপত্রে ভুল নিয়ে শিক্ষার্থীদের মামলা এবং ব্যাপক বিতর্কের পর সর্বোচ্চ আদালতের আদেশে গত মঙ্গলবার দ্বিতীয় দফায় ‘গ’ ইউনিটে ভর্তি পরীক্ষা নেওয়া হয়। আদালতের আদেশে বলা হয়েছিল, প্রথমবার যারা পরীক্ষা দিয়েছিল, কেবল তারাই দ্বিতীয় দফা পরীক্ষা দিতে পারবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবারের পরীক্ষায় মোট ২৫ হাজার ৭৪৮ জন (মোট আবেদনকারীর প্রায় ৬৮ শতাংশ) অংশ নেয় এবং তাদের মধ্যে ৩ হাজার ৩৯৬ জন (১৩ দশমিক ১৯ শতাংশ) উত্তীর্ণ হয়। ২০১১-২০১২ শিক্ষাবর্ষে বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ৮টি বিভাগে ১ হাজার ৭৫ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে। ভর্তি সংক্রান্ত করণীয় পরে জানিয়ে দেওয়া হবে। গত ২৮ অক্টোবর প্রথম দফায় এই ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়ার পর ৩১ অক্টোবর ফল প্রকাশ করা হয়। কিন্তু প্রশ্নপত্রে ব্যাপক ভুলের অভিযোগ ওঠায় ফল পুনর্মূল্যায়ন করা হয়। এতে উত্তীর্ণের সংখ্যা প্রায় তিন গুণ বেড়ে যায়। আগে উত্তীর্ণ অনেকের ফলও পরিবর্তন হয়। এরপরও বিপুল সংখ্যক আপত্তি জমা পড়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নতুন করে পরীক্ষা নেওয়ার ঘোষণা দেয়। এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে ১২ জন শিক্ষার্থী হাইকোর্টে গেলে আদালত একটি কমিটি করে আগের পরীক্ষার উত্তরপত্র পুনর্র্মূল্যায়নের নির্দেশ দেয়। একইসঙ্গে নতুন করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তও অবৈধ ঘোষণা করে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর বিরুদ্ধে আপিল করলে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ হাইকোর্টের রায় বাতিল করে নতুন করে ভর্তি পরীক্ষা নেওয়ার নির্দেশ দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/জেকে/১৯৪২ ঘ.