২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চাকরি সরকারিকরণের দাবিতে শিক্ষকদের সমাবেশ

চাকরি সরকারিকরণের দাবিতে সমাবেশ করেছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2011, 01:21 PM

Updated : 24 Aug 2022, 05:26 PM

ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাকরি সরকারিকরণের দাবিতে সমাবেশ করেছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় (রেজিস্ট্রার্ড) বেসরকারি প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ এই সমাবেশের আয়োজন করে। এতে সারাদেশের কয়েক হাজার শিক্ষক অংশ নেয়। বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি বাংলাদেশ (সামসুল-মৃগেন), বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি (নাসির-বাচ্চু), বাংলাদেশ রেজিস্ট্রার্ড প্রাথমিক শিক্ষক সমিতি (এনায়েত-সালাম) ও বাংলাদেশ রেজিস্ট্রার্ড প্রাথমিক শিক্ষক সমিতি (হাফিজ-মাহবুব)- এই চারটি সংগঠনের সমন্বয়ে জাতীয় বেসরকারি প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ গঠিত। সারা দেশে ২৪ হাজারের মতো বেসরকারি প্রাথমিক রেজিস্ট্রার্ড বিদ্যালয় রয়েছে জানিয়ে সমাবেশে বক্তারা বলেন, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সংসদ সদস্যরা বিভিন্ন সময়ে রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণ করার আশ্বাস দিয়ে এলেও তা বাস্তবায়নে কোনো উদ্যোগ নেই। সমাবেশে ঐক্য পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সামসুল আলম বলেন, “আওয়ামী লীগের দায়িত্বশীল ব্যক্তিরা শিক্ষকদের সঙ্গে প্রতারণা করেছেন।” তবে গত ২১ সেপ্টেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফছারুল আমীন বলেছেন, রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণে সরকারের ‘আপাতত’ কোনো উদ্যোগ নেই। সামসুল জানান, তাদের দাবি বাস্তবায়নে বুধবার প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। এছাড়া বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান ধর্মঘট, বিক্ষোভ মিছিল এবং সমাবেশ কর্মসূচি পালন করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএইচ/আরএ/১৯১৮ ঘ.