২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাবি ছাত্র হত্যা: ক্যাম্পাসে কর্মসূচি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে হত্যার ঘটনায় রোববার ক্যাম্পাসে শোক র‌্যালি ও শোকসভা করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2011, 04:41 PM

Updated : 24 Aug 2022, 05:24 PM

শাহজালাল বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে হত্যার ঘটনায় রোববার ক্যাম্পাসে শোক র‌্যালি ও শোকসভা করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। শোকসভায় হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দোষীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করা হয়। এদিকে সব হত্যাকারীর গ্রেপ্তার দাবি করেছে শাবির প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলন উৎসব কমিটি। শুক্রবার সন্ধ্যায় নৌকাভ্রমণে গিয়ে ডাকাতের হাতে অপহৃত হন বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী দীপঙ্কর ঘোষ অনিক ও খায়রুল কবীর। পরদিন তাদের লাশ পাওয়া যায়। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‌্যাব। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে রোববার সকাল ১১টায় শোক র‌্যালি বের হয় ক্যাম্পাসে। এতে সিইপি বিভাগের শিক্ষক ওি শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের এক হাজারেরও বেশি শিক্ষার্থী অংশ নেয়। র‌্যালিটি উপাচার্য ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় অডিটোরিয়ামে এসে শেষ হয়। পরে সেখানে উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিনের সভাপতিত্বে শোকসভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে নিহত দুই শিক্ষার্থীর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। শোকসভায় নিহতদের সঙ্গী ও ডাকাতের কবল থেকে পালিয়ে আসা শিক্ষার্থী জোসেফ ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, নৌকাটি কিছুদূর যাওয়ারপর চালক শওকত ইঞ্জিনে সমস্যা আছে বলে ধীরে ধীরে নৌকা চালাতে থাকে। তখন আট থেকে ১০ জন ডাকাতের একটি দল অন্য একটি নৌকায় এসে তাদের ওপর হামলা চালায়। উপাচার্য বলেন, এই হত্যার বিচার নিশ্চিত করার জন্য সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগ করা হয়েছে। ইতোমধ্যে হত্যাকারীদের প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে। শোকসভায় আরো বক্তব্য দেন সিইপি বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস, ছাত্র উপদেশ ও নির্দেশ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুছ প্রমুখ। এদিকে শাবির প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলন উৎসব কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে দোষীদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানানো হয়। পুনর্মিলন কমিটির সদস্য সচিব সুশান্ত দাস গুপ্ত বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সব হত্যাকারীর গ্রেপ্তার না হলে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সিলেটের ডিআইজি, পুলিশ সুপার ও ওসির অপসারণের দাবিতে আন্দোলন করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ সহ-সম্পাদক ও পুনর্মিলন উৎসবের গণমাধ্যম ও প্রচার কমিটির আহ্বায়ক এহেছান লেনিন বলেন, দোষীদের গ্রেপ্তারে ব্যর্থ হলে প্রশাসন ছাড় পাবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২২২৭ ঘ.