ঢাকা বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোববার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী দ্বিতীয় আন্তর্জাতিক বঙ্গবিদ্যা সম্মেলন-২০১১।
ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলা একাডেমী যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে। গত বছর দিল্লি বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো এ সম্মেলন আয়োজন করে।
শনিবার বিশ্ববিদ্যালয়ের পুরাতন সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সম্মেলন আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক রফিকউল্লাহ খান জানান, বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি চর্চা এবং বাংলার সমসাময়িক সমাজ, রাজনীতি, অর্থনীতি, দর্শন, বিজ্ঞানসহ নানা ভাবনার উপস্থাপন, বিনিময় এবং তা থেকে আগামীতে পথ চলার নির্দেশনা পেতে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবন, এমবিএ ভবন ও বাংলা একাডেমীতে বিভিন্ন বিষয়ের ওপর প্রবন্ধ উপস্থাপন ও তার ওপর আলোচনা হবে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ইতালি, ভারত, চীন, জাপান, ইরানসহ বিশ্বের ২০টিরও বেশি দেশ থেকে পাওয়া তিন শতাধিক প্রবন্ধ প্রস্তাবনা থেকে নির্বাচিত দুইশর বেশি প্রবন্ধ এ সম্মেলনে উপস্থাপন করা হবে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, জাপানের টোকিও ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজের এমিরিটাস অধ্যাপক ড. তোশিওশি নারা, এমিরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/২২২৭ ঘ.
bdnews24