ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলন উৎসবের নিবন্ধনের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার আয়োজক কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের সময় নির্ধারিত থাকলেও প্রাক্তন শিক্ষার্থীদের অনুরোধে সময়সীমা দুই সপ্তাহ বাড়ানো হয়েছে।
এরই মধ্যে নিবন্ধনের জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সিলেটসহ ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম ও জামালপুরে তথ্যকেন্দ্র স্থাপন করা হয়েছে । sustreunion2012.com এই ওয়েব ঠিকানায় জানা যাবে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য।
আগামী ১৯, ২০ ও ২১ জানুয়ারি এ উৎসবের সময় নির্ধারিত রয়েছে।
অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, এবিসি রেডিও, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ও কালেরকণ্ঠ। এ ছাড়া ‘ক্যারিয়ার পার্টনার’ হিসেবে থাকছে প্রথম আলো জবস।
আয়োজক কমিটির সদস্য সচিব সুশান্ত দাস গুপ্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ পর্যন্ত নিবন্ধনে ভালো সাড়া পাওয়া গেছে। তবে প্রাক্তন শিক্ষার্থীদের অনুরোধের পরিপ্রেক্ষিতে সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশাকরি এতে অংশগ্রহণকারীদের সংখ্যা আরো বাড়বে।”
এ ছাড়া ২০ ডিসেম্বরের পর নিবন্ধিত শিক্ষার্থীদের সংখ্যা আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও জানান তিনি।
১৯৯১ সালের ১৪ ফেব্রুয়ারি তিনটি বিভাগ নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরআরডি/এমআই/১৭২৫ ঘ.
bdnews24