চট্টগ্রাম, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইংরেজি বিভাগের একটি পরীক্ষায় ১৯৩ জনের মধ্যে অংশ নিয়েছে ৩০ শিক্ষার্থী।
পরীক্ষার্থীদের বড় একটি অংশ পরীক্ষা না দিলেও পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী রোববার বেলা সাড়ে ১১টায় পরীক্ষা শুরু হয়।
অনুপস্থিত শিক্ষার্থীদের পরীক্ষা পরে নেওয়া হবে বলে জানিয়েছেন ইংরেজি বিভাগের সভাপতি জাহাঙ্গীর বিন সরওয়ার।
তবে বর্জনকারী পরীক্ষার্থীদের ওই পরীক্ষা নিতে বিভাগীয় সভাপতির কাছে লিখিত আবেদন করতে হবে।
সকাল সাড়ে ১১টা থেকে ইংরেজি বিভাগের প্রথম বর্ষের ১০৪ নম্বর কোর্সের এ পরীক্ষায় অংশ না নেওয়ার কারণ হিসেবে শিক্ষার্থীরা বলছেন, পরীক্ষা পেছাতে বারবার বলা হলেও কর্তৃপক্ষ কান দেয়নি। তাই বর্জন করেন তারা।
পরীক্ষা বর্জনকারী শিক্ষার্থীদের সঙ্গে রোববার দুপুরে বৈঠকে বসে চবি প্রক্টর, ছাত্র উপদেষ্টা ও বিভাগের সভাপতি জাহাঙ্গীর বিন সরওয়ারসহ একাধিক শিক্ষক।
এরপর জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যারা ১০৪ নম্বর কোর্সের পরীক্ষা বর্জন করেছে সেই কোর্সের পরীক্ষা একাডেমিক কমিটির সিদ্ধান্তে পরবর্তীতে নেওয়া হবে।”
২২ নভেম্বর থেকে ইংরেজি প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু হয়। তিনটি কোর্সের পরীক্ষা ইতোমধ্যে হয়েছে। বাকি পরীক্ষা গুলো নির্ধারিত সময়ে হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মইনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রথম বর্ষের (২০১০-১১) নিয়মিত পরীক্ষার্থী ১২০ জন। অন্য দুটি বর্ষের (মানোন্নয়ন) ৭৩ জনসহ মোট পরীক্ষার্থী ১৯৩ জন।
তবে বিভাগের সভাপতি বলেছেন, বর্জনকারী শিক্ষার্থীর সংখ্যা ১১০ থেকে ১২০ জন হতে পারে।
শিক্ষার্থীদের পরীক্ষা পেছনের দাবির বিষয়ে তিনি বলেন, “এক পরীক্ষার্থী অসুস্থ বলে শিক্ষার্থীরা জানিয়েছিলো। আমরা ওই পরীক্ষার্থীর বিষয়ে পরে চিন্তা করবো বললেও সকালে কিছু পরীক্ষার্থী বিভিন্ন কক্ষে তালা লাগিয়ে দেয়। পরে প্রক্টরের সহায়তায় তালা খুলে পরীক্ষা শুরু করা হয়।”
শিক্ষার্থীরা বলছে, দুই পরীক্ষার্থী অসুস্থ এবং ১০৪ নম্বর কোর্সের পরীক্ষায় মাত্র দুই দিন সময় দেওয়ায় পরীক্ষা পেছানো আবেদন করেছিলেন তারা। কিন্তু তাদের অনুরোধ রক্ষা না হওয়ায় তারা পরীক্ষা বর্জন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এমআই/১৮২৩ ঘ.
bdnews24