শাবিপ্রবি, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রথম পুনর্মিলনীতে নিবন্ধনের জন্য সারা দেশে ৬টি তথ্য কেন্দ্র খোলা হয়েছে।
আয়োজক কমিটির সদস্য সচিব সুশান্ত দাস গুপ্ত বুুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান।
আগামী ১৯, ২০ ও ২১ জানুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ পুনর্মিলনী হবে। নিবন্ধন কার্যক্রম আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে।
তথ্যকেন্দ্রগুলোর দুটি সিলেটে। বাকিগুলো ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও কুমিলায়।
এছাড়া পুনর্মিলনীর জন্য অনলাইনেও (http://www.sustreunion2012.com/register) নিবন্ধন করা যাচ্ছে।
আয়োজক কমিটির তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়টির সাবেক সাতশ শিক্ষার্থী নিবন্ধন সম্পন্ন করেছে। এদের মধ্যে একশ জন বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষক হিসেবে কর্মরত।
অনলাইনে এ পর্যন্ত নিবন্ধন করেছে ১২০ জন।
বুধবার আয়োজক কমিটির এক সংবাদ বিজ্ঞতিতে জানানো হয়, উৎসবের প্রথম দিন সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইবেন শিল্পী ফরিদা পারভীন ও বারী সিদ্দিকী। দ্বিতীয় দিন গান গাইবে জনপ্রিয় বাংলা ব্যান্ড নগর বাউল ও বাংলা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২২৩৫ ঘ.
bdnews24