ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের মধ্যেও ঢাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন পরীক্ষা শুরু হয়েছে। তবে খোলা থাকলেও বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস হচ্ছে না।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বদরুজ্জামান রোববার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৯টা থেকে ব্যাচেলর ইন এডুকেশন (বিএড) পরীক্ষা ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ ও মিরপুর বাংলা কলেজ কেন্দ্রে শুরু হয়েছে।
ঢাকার বাইরে আরো ৪০টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা হচ্ছে বলে জানান তিনি।
বদরুজ্জামান বলেন, বিএড পরীক্ষা ছাড়াও সকাল ৯টা থেকে ঢাকার ১৮টি কেন্দ্রে বিবিএ (অষ্টম সেমিস্টার) এবং এমবিএ’র পরীক্ষা শুরু হয়েছে। বেলা ১টায় বিএড এবং বেলা ২টায় বিবিএ ও এমবিএ পরীক্ষা শেষ হবে।
এছাড়া দুপুর ২টা থেকে তৃতীয় বর্ষের ডিগ্রি (পাস) ইতিহাস, ইসলামের ইতিহাস, রসায়ন ও প্রাণ রসায়ন পরীক্ষাও যথারীতি অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
ঢাকা সিটি কর্পোরেশন দুই ভাগ করার প্রতিবাদে রোববার ঢাকায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে প্রধান বিরোধী দল বিএনপি।
ক্লাস-পরীক্ষা বন্ধ
হরতালের মধ্যে রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা থাকলেও ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে বলে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে।
হরতাল চলাকালে নিরাপত্তাজনিত করণে শিক্ষার্থীরা স্কুল-কলেজে না আসায় পূর্ব নির্ধারিত পরীক্ষা স্থগিত করতে হয়েছে বলে জানিয়েছেন তারা।
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহান আরা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষকরা কলেজে এলেও শিক্ষার্থী না আসায় কোনো ক্লাস-পরীক্ষা হচ্ছে না।
তিনি বলেন, রোববার সকাল থেকে প্রথম থেকে দশম শ্রেণীর পরীক্ষা হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে।
কে এল জুবিলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সমরেন্দ্র নাথ রায় জানান, রোববারের নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ পরীক্ষা আগামী শুক্রবার নেওয়া হবে।
“হরতালের ফলে শিক্ষার্থীরা স্কুলে আসতে না পারায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে,” বলেন তিনি।
হলিক্রস কলেজের এক অফিস সহকারী জানান, অফিস খোলা থাকলেও কোনো ক্লাস-পরীক্ষা হচ্ছে না।
মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষা মো. ফরহাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হরতালের কারণে রোববারের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ পরীক্ষা আগামী ১৭ ডিসেম্বর হবে।
হরতালে নিরাপত্তাজনিত কারণে শিক্ষার্থীরা স্কুলে না এলেও সব শিক্ষকই এসেছেন বলে জানান তিনি।
বেগম বদরুন্নেছা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মেরিনা জাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কলেজে দুপুর ২টা থেকে ডিগ্রি পরীক্ষা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/১০২২ ঘ.
bdnews24