পলাশ রায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
ঝালকাঠী, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এলজিইডি’র প্রধান প্রকৌশলীকে সংবর্ধনা দেওয়ার জন্য ঝালকাঠীর একটি স্কুলের বার্ষিক পরীক্ষা দেরিতে শুরু করেছে কর্তৃপক্ষ। এ সময় পরীক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখা হয় প্রখর রোদে।
শনিবার রাজাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর- এলজিইডি’র প্রধান প্রকৌশলী মো. ওয়াহিদুর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়।
স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও এলজিইডির প্রধান প্রকৌশলী মুক্তিযোদ্ধাদের একটি মানববন্ধনে অংশ নিতে রাজাপুর আসেন।
স্কুলের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু এলজিইডি প্রকৌশলীকে স্কুলের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়ার উদ্যোগ নেন।
এজন্য সকালে পরীক্ষা দিতে আসা প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীকে স্কুলের সমানে প্রখর রোদে দাঁড় করিয়ে রাখা হয় বলে অভিযোগ করেন তারা।
প্রকৌশলী সকাল পৌনে ১০টায় স্কুল প্রাঙ্গণে আসেন। এসময় শিক্ষার্থীরা রাস্তার দু’পাশ থেকে তার উপর ফুল ছিঁটিয়ে শুভেচ্ছা জানায়। পরে তাকে স্কুলে নিয়ে প্রধান শিক্ষকের কার্যালয়ে বাসানো হয়।
সেখানে এই প্রকৌশলীকে সংক্ষিপ্ত পরিসরে সংবর্ধনা ও ক্রেস্ট দেওয়া হয় বিদ্যালয়ের পক্ষ থেকে। চা পর্ব শেষ করে সকাল সাড়ে ১০টার দিকে বিদায় নেন তিনি।
শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, প্রকৌশলী চলে যাবার পর ১১টার দিকে স্কুলের ৬ষ্ঠ, ৭ম ও ৯ম শ্রেণীর পরীক্ষা শুরু করে স্কুল কর্তৃপক্ষ।
রাস্থায় দাঁড়ানো রাজাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী বলে, “হেই সহালে আইছি না খাইয়া, পরীক্ষা দিমু কইর্যা। কিন্তু স্যারেরা রাস্তায় দাঁড়াইতে কইছে। হেই লইগ্যা পরীক্ষা থুইয়া দাঁড়াইয়া আছি।”
নবম শ্রেণীতে পড়া মেয়েকে স্কুল থেকে নিতে আসা এক অভিভাবক সাইদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্কুলে গিয়ে দেখেন নির্দিষ্ট সময়ে পরীক্ষা শেষ হয়নি। পরে খোঁজ নিয়ে জানতে পারেন পরীক্ষা একঘণ্টা দেরিতে শুরু হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুর হোসেন বলেন, “চিফ ইঞ্জিনিয়ার সাহেব আসছিলো তো, তাই একটু দেরিতে পরীক্ষা শুরু করা হইছে।”
ভাইস চেয়ারম্যানের নির্দেশে তাকে (এলজিইডি প্রকৌশলীকে) সংবর্ধনা জানানো তাদের কর্তব্য বলে মন্তব্য করেন প্রধান শিক্ষক।
উপজেলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু বলেন, একঘণ্টা নয়, কিছুটা দেরিতে পরীক্ষা শুরু হয়েছে। তাতে তেমন কোনো ক্ষতি হয়নি। এটি তো আর জাতীয় পরীক্ষা না। এই পরীক্ষার প্রশ্নপত্র আমরা নিজেরাই করে থাকি।”
পরীক্ষা শুরুর আগে শিক্ষার্থীদের স্কুলের সামনের রাস্তায় দাঁড় করিয়ে রাখার কথা স্বীকার করেন লাইজু।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম জাহিদ হোসেন জানান, এ বিষয়ে তিনি কিছুই জানেন না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮০০ ঘ.
bdnews24