২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘পুনঃপরীক্ষা ছাড়াই গ ইউনিটের সমাধান সম্ভব’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা নিয়ে সৃষ্ট জটিলতার সমাধান পুনরায় পরীক্ষা না নিয়েই সম্ভব বলে মত দিয়েছেন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মুহম্মদ জাফর ইকবাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2011, 01:26 PM

Updated : 24 Aug 2022, 04:59 PM

ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা নিয়ে সৃষ্ট জটিলতার সমাধান পুনরায় পরীক্ষা না নিয়েই সম্ভব বলে মত দিয়েছেন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মুহম্মদ জাফর ইকবাল। হাইকোর্টের আহ্বানে সাড়া দিয়ে সোমবার তিনি বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চে এই মত দেন। জাফর ইকবাল আদালতে বলেন, “পুনরায় ভর্তি পরীক্ষা না নিয়েই খুব সহজে এই ফলের পুনর্মূল্যায়ন সম্ভব। বর্তমান যে অবস্থায় আছে, সেক্ষেত্রে আবার ভর্তি পরীক্ষা নেওয়া হলে এতে আস্থা কম থাকবে।” আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বিশ্ববিদ্যালয়ের পক্ষে অ্যাডভোকেট এ এফ এম মেসবাহ উদ্দিন ও অ্যাডভোকেট মনজিল মোরসেদ বক্তব্য দেন। আগামী বুধবার পর্যন্ত শুনানি মুলতবি করে আদালত বলেছে, ওইদিন আদেশ দেওয়া হতে পারে। জাফর ইকবাল বলেন, “উত্তরপত্র ধ্বংস হয়ে গেলেই কেবল আবার পরীক্ষা নেওয়ার বিষয়টি সামনে আসতে পারে।” তিনি বলেন, “পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ৯৪টি প্রশ্ন সঠিক ছিলো। সেই উত্তরপত্র ছাত্ররা সিরিয়াসলি পূরণ করেছে। এখন সেই উত্তরপত্র আবার মূল্যায়ন করা সম্ভব। এটা আধ ঘণ্টা থেকে সর্বোচ্চ ১২-১৪ ঘণ্টা সময় লাগতে পারে।” “আমার মনে হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যারা পুনরায় ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে, তারা সমস্যার খুঁটিনাটি জানেন না।”- যোগ করেন তিনি। তিনি বলেন, “ওনাদের ধারণা, সাংঘাতিক কোনো ভুল হয়ে গেছে। যার প্রতিবিধান সম্ভব নয়। বিষয়টি আসলে সে রকম নয়।” শুনানি শেষে আদালত জাফর ইকবালকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসতে বলেন। আলোচনায় অ্যাটর্নি জেনারেল ও বিশ্ববিদ্যালয়ের আইনজীবীকে রাখার কথাও বলে আদালত। আদালত বলে, আমরা আশা করি, আপনার সবাই মিলে একটি সিদ্ধান্ত নিয়ে আসতে পারবেন। আমরা কেবল সেই সিদ্ধান্তেসিল দিয়ে দেব। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনকে আদালতে আসতে অ্যাটর্নি জেনারেল কার্যালয়কে নির্দেশ দেওয়া হয়। ওইদিন জাফর ইকবালকেও আসতে বলেছে আদালত। আদালতে জাফর ইকবাল বলেন, “আমার ধারণা বিষয়টি জটিল নয়। যে কয়টা প্রশ্নে সঠিক উত্তর নেই, সেগুলোর পুনর্মূল্যায়ন করা যেতে পারে।” ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগ ও তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের দায়িত্ব দিলে ভুল হতো না বলে মন্তব্য করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপক জাফর ইকবাল বলেন, “তা না করে ঢাকা বিশ্ববিদ্যালয় দায়িত্ব দিয়েছে এমন একটি কোম্পানিকে যারা ততটা পেশাদার নয়। এরা তো দায়িত্ব নিয়ে কাজ করবে না। কারণ তারা তো কাজ করতে এসেছে। টাকা নিয়ে চলে যাবে।” “অন্য কোনো পেশাদার কোম্পানিকে কাজ দিলে ভালো হতো।”- যোগ করেন তিনি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিটি বিভাগে ১০টি করে আসন বাড়িয়ে দিতে বা এবার যারা দ্বিতীয়বারের মতো এখানে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে তাদের তৃতীয়বারের মতো আগামীবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়া যেতে পারে বলে পরামর্শ দেন মুহম্মদ জাফর ইকবাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় সৃষ্ট জটিলতা নিরসনে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ হিসেবে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের মতামত শোনার সিদ্ধান্ত গত ২৪ নভেম্বর নেয় আদালত। গত ২৮ অক্টোবর ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়ার পর ৩১ অক্টোবর ফল প্রকাশ হয়। কিন্তু প্রশ্নপত্রে ব্যাপক ভুলের অভিযোগ ওঠায় ফল পুনর্মূল্যায়ন করা হয়। এতে উত্তীর্ণের সংখ্যা প্রায় তিন গুণ বেড়ে যায়। আগে উত্তীর্ণ অনেকের ফলও পরিবর্তন হয়। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নতুন করে পরীক্ষা নেওয়ার ঘোষণা দিলে গত ২২ নভেম্বর আগের ফলাফলে উত্তীর্ণ ১২ শিক্ষার্থী এর বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/১৯২০ ঘ.