২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ‘গ’ ইউনিটভুল প্রশ্ন বাদে উত্তরপত্র মূল্যায়ন সম্ভব কি না জানাতে হবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ‘ছয়টি ভুল প্রশ্ন’ বাদ দিয়ে উত্তরপত্র মূল্যায়ন করা যায় কি না, তা জানতে চেয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2011, 12:07 PM

Updated : 24 Aug 2022, 04:49 PM

ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ‘ছয়টি ভুল প্রশ্ন’ বাদ দিয়ে উত্তরপত্র মূল্যায়ন করা যায় কি না, তা জানতে চেয়েছে হাইকোর্ট। বুধবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এ নির্দেশ দেয়। আগামী সোমবার রিটের পরবর্তী শুনানিতে বিষয়টি জানাতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দেওয়া হয়। ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার পুনর্মূল্যায়িত ফলে উত্তীর্ণ ১২ শিক্ষার্থীর দায়ের করা রিটের শুনানিতে এ নির্দেশ দেওয়া হয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং রিটকারীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। শুনানিতে আদালত জানতে চায়, প্রথম ফলাফলে যে ছয়টি প্রশ্নে উত্তরে ভুল হয়েছিলো, সেগুলো ছাড়াই উত্তরপত্র মূল্যায়ন করা যায় কি-না। জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, সে বিষয়টি নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে হবে। শুনানিতে রিটকারীদের আইনজীবী ভর্তি পরীক্ষার যাবতীয় কার্যক্রমের ওপর স্থগিতাদেশ চান। তখন অ্যাটর্নি জেনারেল আদালতকে আশ্বস্ত করে বলেন, ওই সময় পর্যন্ত ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে না। এক প্রশ্নের জবাবে অ্যাডভোকেট মনজিল মোরসেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দ্বিতীয় ভর্তি পরীক্ষার দেরি থাকলেও প্রস্তুতি নেওয়ার বিষয় আছে। আমরা ওই কার্যক্রমের ওপরই স্থগিতাদেশ চেয়েছিলাম। অ্যাটর্নি জেনারেল আদালতকে আশ্বস্ত করেছেন, এই সময়ে ওই কার্যক্রম চলবে না।” প্রথম দফার পরীক্ষায় প্রশ্নপত্রে ‘অসঙ্গতি’ থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগামী ৯ ডিসেম্বর নতুন করে ভর্তি পরীক্ষা নেওয়ার ঘোষণা দেয় গত সোমবার। এর পরদিন এই রিট আবেদন হয়। এই আবেদনে দুটি বিষয়ে আদালতের রুল চাওয়া হয়। প্রথম দফায় নেওয়া ভর্তি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং পুনর্মূল্যায়িত ফল অনুযায়ী কেন ভর্তি কার্যক্রম শুরুর নির্দেশনা দেওয়া হবে না- তা জানতে চাওয়ার কথা বলা হয় এ দুটি রুলে। গত ২৮ অক্টোবর ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়ার পর ৩১ অক্টোবর ফল প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু প্রশ্নপত্রে ভুলের অভিযোগ ওঠায় ফল পুনর্মূল্যায়ন করা হয়। এতে উত্তীর্ণের সংখ্যা প্রায় তিন গুণ বেড়ে যায়। আগে উত্তীর্ণ অনেকের ফলও পরিবর্তন হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/১৮০১ ঘ.