জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তুচ্ছ ঘটনা নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক সাংবাদিককে মারধর করেছে কয়েকজন ছাত্রলীগকর্মী।
মঙ্গলবার বিকালে এ হামলায় আহত ভূগোল বিভাগের ৩৯তম ব্যাচের ছাত্র আহমেদ রিয়াদ দৈনিক জনকণ্ঠের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
তাকে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দিয়ে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ন সম্পাদক আজগর আলী ছাত্রলীগকর্মীদের হামলার কথা স্বীকার করেছেন।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, বিকাল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে খেলাধুলাকে কেন্দ্র করে রিয়াদের সঙ্গে মাওলানা ভাসানী হলের ছাত্রলীগকর্মী পারভেজ আহমেদ, শহীদ রফিক জব্বার হলের সবুজ ও মো. সোহেল হোসেনের কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে পারভেজ, সোহেল, সবুজসহ আরো ১০/১২ জন ক্রিকেট খেলার স্ট্যাস্প নিয়ে ধাওয়া করে একটি দোকানে ঢুকিয়ে প্রচ- মারধর করলে রিয়াদ জ্ঞান হারিয়ে ফেলেন।
বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক রিজওয়ানুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উপর্যুপরি মারধরের কারণে রিয়াদের বাম হাতের ক্ষতি হতে পারে। তাই ঝুঁকি এড়াতে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।”
এ ব্যাপারে জাবি ছাত্রলীগের যুগ্ন সম্পাদক আজগর আলী বলেন, “এ ধরনের পরিস্থিতি কারোরই কাম্য নয়। আমরা প্রক্টরকে অনুরোধ করেছি যেন এ বিষয়ে কঠিন ব্যবস্থা নেওয়া হয়।”
প্রক্টর ড. আরজু মিয়া বলেন, “ঘটনায় সম্পৃক্ত কাউকেই ছাড় দেওয়া হবে না। কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১৬ ঘ.
bdnews24