২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ ইউনিট: ফল বহাল না রাখলে অনশনের হুমকি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন করে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে এ হুমকি দিয়েছে আগের পরীক্ষায় ভর্তির যোগ্য হিসেবে বিবেচিত 'ভুক্তভোগী শিক্ষার্থীরা'

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2011, 08:19 AM

Updated : 24 Aug 2022, 04:48 PM

ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল বহাল রাখার দাবিতে আমরণ অনশনের হুমকি দিয়েছে 'মেধা তালিকায় থাকা ভুক্তভোগী শিক্ষার্থীরা'। আগের পরীক্ষায় ভর্তির সুযোগ পাওয়া ভর্তিচ্ছু ও অভিভাবকদের রোববার সকালে করা এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় ভর্তিচ্ছুরা। বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে মো. তারেক সজল নামে এক ভর্তিচ্ছু বলেন, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বিবিএতে পঞ্চম হন। সেখানে ভর্তির শেষ তারিখ গত ১৭ নভেম্বর পার হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নির্বাচিত হওয়ায় জাহাঙ্গীরনগরে ভর্তি হননি জানিয়ে তিনি বলেন, "এখানে পুনঃপরীক্ষায় ভর্তির সুযোগ না পেলে জীবনে অনিশ্চয়তা দেখা দেবে।" গ ইউনিটে ভর্তি পরীক্ষায় তারেক মেধা তালিকায় ১৩৪তম অবস্থানে থাকলেও ফল পুনর্মূল্যায়নের পর তার অবস্থান দাঁড়ায় ১৩২। প্রশ্নপত্র নিয়ে বিতর্কের মুখে চলতি মাসের শুরুতে ফল পুনর্মূল্যায়নের পর আগের ফল বাতিল করে ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিটে আবার ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় শনিবার। রোববার সংবাদ সম্মেলনে এক ভর্তিচ্ছুর অভিভাবক আলী হোসেন মোল্লা বলেন, তার মেয়ে ভর্তি পরীক্ষায় নির্বাচিত হয়েছিল। "শনিবার বিশ্ববিদ্যালয়ের পুনঃপরীক্ষার সিদ্ধান্ত জানার পর সে জ্ঞান হারিয়ে ফেলে" জানিয়ে তিনি বলেন, "এখনো সে অসুস্থ। কোনো অঘটন ঘটলে দায়িত্ব কে নেবে?" গত ২৮ অক্টোবর অনুষ্ঠিত 'গ' ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে ভুল নিয়ে পরীক্ষার্থীদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে এ ইউনিটের পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে উত্তীর্ণের সংখ্যা প্রায় তিন গুণ বেড়ে যায়। আগে উত্তীর্ণ অনেকের ফলও পরিবর্তন হয়। প্রথম ফলে দুই হাজার ৭২৭ জন উত্তীর্ণ হলেও পুনর্মূল্যায়নের পর উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়ে হয় ছয় হাজার ৯৪ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/১৪১১ ঘ.