সিলেট, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিনামূল্যের প্রায় ৭০ ভাগ বই ইতোমধ্যে উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শনিবার দুপুরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে নাহিদ সাংবাদিকদের জানান, জানুয়ারির প্রথম দিনেই সব স্কুল শিক্ষার্থীর হাতে বিনামূল্যের পাঠ্যবই তুলে দেওয়া হবে।
এর আগে মন্ত্রী কৃষি বিশ্ববিদ্যালয়ের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেন।
নাহিদ সাংবাদিকদের আরো জানান, শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষা মন্ত্রণালয়।
এবার সারাদেশে ২৩ কোটিরও বেশি বই বিনামূল্যে বিতরণ করা হবে বলে তিনি জানান।
মন্ত্রী আরো জানান, সময়মতো বই দেওয়াসহ সরকারের নানা উদ্যোগের ফলে ক্রমান্বয়ে শিক্ষার্থী ঝরে পড়ার হারও কমছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/২২৩৬ ঘ.
bdnews24