২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মদনমোহনে ছাত্র বিক্ষোভ, শিক্ষকদের কর্মবিরতি

সিলেটের মদনমোহন কলেজে প্রাক-নির্বাচনী পরীক্ষার স্থগিত ফলাফল প্রকাশের দাবিতে বিক্ষোভ করেছে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2011, 11:21 AM

Updated : 24 Aug 2022, 04:45 PM

সিলেট, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের মদনমোহন কলেজে প্রাক-নির্বাচনী পরীক্ষার স্থগিত ফলাফল প্রকাশের দাবিতে বিক্ষোভ করেছে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা। এদিকে শিক্ষার্থীদের 'অসৌজন্যমূলক' অচরণের প্রতিবাদে পাঁচ ঘণ্টা কর্মবিরতি পালন করেন শিক্ষকরা। রোববার সকালে কলেজের প্রধান ফটকে তালা লাগিয়ে অগ্নিসংযোগ ও ভাংচুর করে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। পরে গভর্নিং বডির সভায় ফলাফল প্রকাশের সিদ্ধান্ত হলে শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে নেয় বলে কলেজের অধ্যক্ষ জানান। অধ্যক্ষ কৃপাসিন্ধু পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যাদের ফলাফল আটকে রাখা হয়েছে তাদের কাছে প্রায় এক কোটি ১৭ লাখ ৮৫ হাজার টাকা বেতন বকেয়া আছে। এ কারণেই ফলাফল স্থগিত রাখা হয়েছে।" মদনমোহন কলেজে দ্বাদশ শ্রেণীতে প্রায় সাড়ে বারশ' শিক্ষার্থী রয়েছে। মাসিক বেতন চারশ' টাকা। এদের মধ্যে তিনশ' জনের কোনো বকেয়া বেতন না থাকায় তাদের ফলাফল প্রকাশ করা হয়। কিন্তু বাকি প্রায় সাড়ে নয়শ' শিক্ষার্থীর বেতন বকেয়া রয়েছে, বলেন অধ্যক্ষ। তবে গভর্নিং বডির এক সভায় দ্রুত স্থগিত ফলাফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অধ্যক্ষ নিশ্চিত করেন। আন্দোলনকারী অরুণ দেবনাথ সাগর, কাজী মেরাজ ও হেলাল আহমদ জানান, দ্বাদশ শ্রেণীর প্রাক-নির্বাচনী পরীক্ষার স্থগিত ফলাফল প্রকাশে কলেজ কর্তৃপক্ষ নানা বাহানা করছে। তাদের অভিযোগ, শিক্ষকরা ক্লাস না নিয়ে কোচিং সেন্টার ব্যবসা নিয়ে বেশি ব্যস্ত। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে চাপা ক্ষোভ ছিলো। তাই বিক্ষোভ করেছে। শিক্ষার্থীদের এ আন্দোলনে একাত্মতা ঘোষণা করে কলেজ ছাত্রলীগ, ছাত্রদলসহ আরো কয়েকটি ছাত্র সংগঠন। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিক্ষোভের এক পর্যায়ে শিক্ষার্থীরা শিক্ষক মিলনায়তনের সামনে অবস্থান নেয়। এসময় দু'জন শিক্ষক বেরিয়ে এলে শিক্ষার্থীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। শিক্ষার্থীদের এই 'অসৌজন্যমূলক' আচরণের প্রতিবাদে শিক্ষকরা সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন। কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) রায়হান আলী সাংবাদিকদের জানান, ছাত্র বিক্ষোভের পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৭১৫ ঘ.