ঢাকা বিশ্ববিদ্যালয়, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘের মহাসচিব বান কি মুনকে সম্মানসূচক 'ডক্টর অব লজ' ডিগ্রি দেবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।
বিশ্ববিদ্যালয় ডিনস্ কমিটির সুপারিশে বুধবার উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা আশরাফ আলী খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৫ নভেম্বর ঢাবির এক বিশেষ সমাবর্তনে বাংলাদেশের রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. জিল্লুর রহমান জাতিসংঘের মহাসচিব বান কি মুনকে সম্মানসূচক এ ডিগ্রি দেবেন।
সমাবর্তনে মহাসচিব বান কি মুন শিক্ষক-শিক্ষার্থী ও জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে দায়িত্ব পালনের সময় নিহতদের পরিবারের সদস্যদের উদ্দেশে বক্তব্য দেবেন বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২১১৯ ঘ.
bdnews24