২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ভর্তি: 'গ' ইউনিটের ফল পরিবর্তন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'গ' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন করায় আগের মেধা তালিকার ১৯৪ জনের ফল পরিবর্তন হয়েছে। পাশাপাশি বেড়েছে উত্তীর্ণের সংখ্যাও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2011, 06:21 AM

Updated : 24 Aug 2022, 04:42 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'গ' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন করায় আগের মেধা তালিকার ১৯৪ জনের ফল পরিবর্তন হয়েছে। পাশাপাশি বেড়েছে উত্তীর্ণের সংখ্যাও। বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডিন ও 'গ' ইউনিটের ভর্তি কমিটির প্রধান অধ্যাপক জামাল উদ্দিন আহমেদ বুধবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভর্তিচ্ছু কিছু শিক্ষার্থী লিখিত অভিযোগ করায় মঙ্গলবার রাত ৯টা থেকে দেড়টা পর্যন্ত জরুরি বৈঠকে ফল পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত হয়। উপাচার্যের নির্দেশে রাতের মধ্যেই ফল পুনর্মূলায়ন করা হয়েছে।" তিনি জানান, আগের ফলাফলে দুই হাজার ৭২৭ জন উত্তীর্ণ হলেও পুনর্মূল্যায়নের পর উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়ে হয়েছে ছয় হাজার ৯৪ জন। প্রথম মেধা তালিকা অনুযায়ী যে ১ হাজার জনকে ডাকা হয়েছিল তাদের মধ্যে ১৯৪ জন বাদ পড়ে তাদের জায়গায় নতুন করে ১৯৪ জন প্রথম দফায় ভর্তির সুযোগ পাবে। অধ্যাপক জামাল জানান, বৈঠকে বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞরা 'গ' ইউনিটের প্রশ্নে সাত থেকে আটটি ভুল বের করেছেন। বিষয়গুলো আমলে নিয়েই ফল পুনর্মূল্যায়ন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নে কীভাবে এতো ভুল হলো- এ প্রশ্নের জবাবে অধ্যাপক জামাল বলেন, "বিষয়টি অনাচ্ছিকৃত।" বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের নোটিশ বোর্ড এবং 'গ' ইউনিটের ওয়েবসাইট http://gaunit.univdhaka.edu থেকে নতুন ফল জানা যাবে। এছাড়া মোবাইল ফোন (রবি, সিটিসেল, বাংলালিংক ও এয়ারটেল) থেকে DU স্পেস GA স্পেস রোল নম্বর লিখে ১৬৩২১ নম্বরে এসএমএস করেও ফল পাওয়া যাবে। গত ২৮ অক্টোবর 'গ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/জেকে/১২১০ ঘ.