ঢাকা বিশ্ববিদ্যালয়, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাষাতত্ত্ববিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক কাজী দীন মুহাম্মদ মারা গেছেন।
মৃত্যুর সময় তার বয়স ছিল ৮৭ বছর।
দীন মুহাম্মদের ছোট ছেলে কাজী মাবরুর তাকারুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি বার্ধক্যজনিত রোগে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।
প্রায় দেড় মাস তিনি ওই হাসপাতালে ভর্তি ছিলেন।
শনিবার বেলা সাড়ে ১২টার দিকে কলা ভবনের সামনে তার মৃতদেহ আনা হলে বাংলা বিভাগসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
দুপুর ১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা হওয়ার পর তার মৃতদেহ গ্রামের বাড়ি রূপগঞ্জের রুপসায় পারিবারিক কবরস্থানে দাফনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।
দীন মুহাম্মদ ১৯৪৯ সালে বাংলা বিভাগ থেকে মাস্টার্স পাশ করে ১৯৫০ সালে এ বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন।
তিনি রাজধানীর কলাবাগানে ১২৯ নম্বর বাসায় নিজ বাড়িতে পরিবারের সঙ্গে বসবাস করতেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/১৭২৪ ঘ.
bdnews24