চট্টগ্রাম, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাহজালাল হলে মঙ্গলবার রাতে দুই ছাত্র সংগঠনের সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার জন্য ছাত্রলীগকে দায়ী করেছে শিবির।
শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে শিবির নেতারা এ দাবি করেন।
মঙ্গলবার গভীর রাতে এক অনাবাসী ছাত্রের শাহজালাল হলে অবস্থানকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত শিবির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ভোরে পুলিশ ওই হলে তল্লাশি চালিয়ে ৩২ শিবিরকর্মীকে আটক করে।
বুধবার এ ঘটনায় করা ছাত্রলীগের এক মামলায় আটক ওই ৩২ জনের মধ্যে ২৮ জনকে গ্রেপ্তার দেখানো হয়।
সংবাদ সম্মেলনে পাঁচ দফা দাবিসহ লিখিত বক্তব্য পাঠ করেন চবি শাখা শিবিরের সাধারণ সম্পাদক সালাউদ্দিন কাদের।
তিনি বলেন, "মঙ্গলবার রাতে শাহজালাল হলে ছাত্রলীগের নেতাকর্মীরা সুপরিকল্পিতভাবে আমাদের নেতাকর্মীদের উপর অর্তকিত হামলা চালায় এবং হলের বিভিন্ন কক্ষ ভাংচুর করে।"
এ সময় বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসন নীরব ছিল বলেও শিবির নেতা দাবি করেন।
এছাড়া আটক শিবির কর্মীদের মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলে পাঠানো হয় বলেও তিনি অভিযোগ করেন।
তাদের ৫ দফা দাবিগুলো হলো অন্যায়ভাবে গ্রেপ্তার নিরাপরাধ সব ছাত্রকে মুক্তি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি, হলে লুটপাটের ক্ষতিপূরণ, সব হলে আবাসিক শিক্ষার্থীদের নিরাপত্তা ও অবস্থান নিশ্চিতকরণ এবং নিহত মহিউদ্দিন মাসুম ও হারুন অর রশিদের খুনিদের শাস্তি।
অবিলম্বে এসব দাবি না মানলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানানো হয়।
এর আগে সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর এসব দাবি সম্বলিত একটি স্মারকলিপি দেয়।
সংবাদ সম্মেলনে চবি ছাত্র শিবিরের সাবেক সভাপতি মো. শামছুদ্দিন, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আ. জব্বারসহ শিবির নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/ডিডি/২২৩৫ ঘ.
bdnews24