পবিপ্রবি, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দু'দল ছাত্রের সংঘর্ষের ঘটনায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) দুই শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই ঘটনায় চারজনকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়।
গত সোমবার (২৪ অক্টোবর) এ সিদ্ধান্ত হয় বলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এমরানুল ইসলাম জানান।
তিনি শুক্রবার সাংবাদিকদের বলেন, কৃষি অনুষদের মৎস্য বিজ্ঞান বিভাগের ৪র্থ সেমিস্টারের ছাত্র তাজুল ইসলাম তাজিমকে এক সেমিস্টার এবং কৃষি বিভাগের জাবির বিরন নূরকে দুই সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়।
এছাড়া কৃষি অনুষদের দ্বিতীয় সেমিস্টারের রনি ও মাহফুজ আহমেদ, চতুর্থ সেমিস্টারের মেজবাহ ও তাজুল আহসান আজাদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সাত কার্যদিবসের মধ্যে তাদের কারণ দর্শাতে বলা হয়েছে।
এমরানুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২১ অক্টোবর রাতে কেরামত আলী আবাসিক হলে এক ছাত্রের বিরুদ্ধে কয়েকজন ছাত্র জ্যেষ্ঠ শিক্ষার্থীদের সম্মান না করার অভিযোগে করলে দু'পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।
পরদিন এর জের ধরে শের-ই বাংলা আবাসিক হলে দু'গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়।
এ ঘটনায় ২৪ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি শৃঙ্খলা কমিটি গঠন করে। প্রাথমিক তদন্ত শেষে শৃঙ্খলা কমিটির সভায় বিশ্ববিদ্যালয়ের শান্তি নষ্ট ও ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে দু'জনকে বহিষ্কার এবং চারজনকে কারণ দর্শাতে বলা হয়।
বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার আসাদুজ্জামান মিয়া মুন্না বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ বজায় রাখার স্বার্থে প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৭২৮ ঘ.
bdnews24