ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৯তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ৫৭ জনকে প্রথম শ্রেণীর নন-ক্যাডার পদে নিয়োগের জন্য সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
এদের মধ্যে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্টস ডিজাইনস ও ট্রেড মার্কস অধিদপ্তরে দুই জন, আবহাওয়া অধিদপ্তরের সহকারী ইলেকট্রনিক প্রকৌশলী পদে একজন, উপজেলা শিক্ষা কর্মকর্তা পদে ১৩ জন এবং সাব-রেজিস্ট্রার পদে ৪১ জনকে নিয়োগের সুপারিশ করা হয়।
বৃহস্পতিবার কমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, "প্রথম শ্রেণীর নন-ক্যাডার পদে নিয়োগের জন্য জারিকৃত নিয়োগ বিধিমালা-২০১০ অনুসারে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের অধীন জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী পদের জন্য মেধা এবং প্রচলিত কোটা পদ্ধতি অনুসরণ করে এদের নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে।"
"লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেও পদ স্বল্পতার কারণে এসব প্রার্থীকে ক্যাডারপদে সুপারিশ করা হয়নি" উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, "তথ্য বিভ্রাটের কারণে দুজনের সুপারিশ স্থগিত রাখা হয়েছে।"
সুপারিশকৃতদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করতে বলা হয় বিজ্ঞপ্তিতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএইচ/পিডি/০০১০ ঘ.
bdnews24