রাজশাহী, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স¥াতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র জালিয়াতি চক্রে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থান থেকে এদের গ্রেপ্তার করা হয় বলে র্যাব জানিয়েছে।
এরা হলেন বরেন্দ্র কলেজের ছাত্র নওগাঁর মান্দা উপজেলার মোশারফ হোসেন (১৯), একই কলেজের ছাত্র রাজশাহীর গোদাগাড়ীর তুহিন ইসলাম (২০), রাজশাহী বিশ্বদ্যিালয়ের ছাত্র সুমন আহমেদ (২৪), বাঘা উপজেলার ভানুকর এলাকার রাজিব উদ্দিন (২৫) ও চারঘাটের চরগোচরের রবিউল ইসলাম (২০)।
রাজশাহী র্যাব-৫ এর লেফটেন্যান্ট মাহাদি জানান, গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন নগরীতে এ ধরনের বেশ কয়েকটি চক্র সক্রিয় রয়েছে। প্রতিবছর বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় এই চক্রটি প্রশ্নপত্র দেওয়ার নাম করে সাধারণ শিক্ষার্থীদের কাছে ভুয়া প্রশ্নপত্র সরবরাহ করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়।
প্রতিসেট প্রশ্নপত্র তারা ৩০ হাজার টাকা পর্যন্ত বিক্রি করে বলে জানিয়েছে গ্রেপ্তারকৃতরা।
বোয়ালিয়া থানার ওসি শাহাদাত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তার পাঁচজনকে থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে একটি জালিয়াতি মামলা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২৬ ঘ.
bdnews24