২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি জগন্নাথে

ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজনের জন্য প্রস্তুত পুরনো ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2011, 04:32 PM

Updated : 24 Aug 2022, 04:35 PM

কাজী মোবারক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয়, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজনের জন্য প্রস্তুত পুরনো ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার দিনভর নানা কর্মসূচির মধ্যে এ দিনটি পালন করা হবে। ২০০৫ সালের ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি পায় শতবর্ষী এ শিক্ষা প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কর্মকর্তারা জানান, সকাল ৯টায় উপাচার্য অধ্যাপক মেসবাহউদ্দিন আহমদের নেতৃত্বে শোভাযাত্রা বের হবে। এতে বিভিন্ন বিভাগ ব্যানার নিয়ে অংশ নেবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করেছে। এছাড়াও ক্যাম্পাসের বিভিন্ন সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করবে। এখন বিশ্ববিদ্যালয় হলেও শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে জগন্নাথের যাত্রা শুরু ১৮৬৮ সালে স্কুল হিসেবে। জগন্নাথ রায় চৌধুরী 'জগন্নাথ স্কুল' নামে এ শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। স্কুল প্রতিষ্ঠার পর প্রসারের পর জগন্নাথ রায় চৌধুরীর ছেলে কিশোরী লাল রায় চৌধুরী ১৮৮৪ সালে একে কলেজে রূপান্তর করেন। নাম হয় 'ঢাকা জগন্নাথ কলেজ'। ১৮৮৭ সালে শিক্ষা বিভাগের নির্দেশে এর স্কুল ও কলেজ শাখা আলাদা হয়। তখন স্কুলের নাম হয় 'কিশোরী লাল জুবলী স্কুল' (বর্তমানে কে এল জুবলী স্কুল)। তবে ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে জগন্নাথে স্নাতক পর্যায়ের পাঠ্যক্রমে শিক্ষার্থী ভর্তি বন্ধ হয়ে যায়। তখন এর নাম হয় 'জগন্নাথ ইন্টারমিডিয়েট কলেজ'। এর ২৮ বছর পর ১৯৪৯ সালে পুনরায় স্নাতক ভর্তি কার্যক্রম পুনরায় শুরু হয়। ১৯৬৮ আলে জগন্নাথ কলেজ সরকারি কলেজে রূপান্তরিত করা হয়। ১৯৭৫ সালে শুরু হয় স্নাতকোত্তর পাঠ্যক্রম। এরপর ১৯৮২ সালে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে ভর্তি কার্যক্রম বন্ধ করা হয়। ১৯৯১-১৯৯২ শিক্ষাবর্ষ থেকে সরকারি জগন্নাথ কলেজের শিক্ষা কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যায়। এ অবস্থা থেকেই কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করে সরকার। দেশে প্রতিষ্ঠিত কোনো সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার ঘটনা এখন পর্যন্ত এক্ষেত্রেই ঘটেছে। শুরুতে চারটি অনুষদে ২৩টি বিভাগ নিয়ে যাত্রা শুরু হলেও বর্তমানে পাঁচটি অনুষদে ২৮টি বিভাগ রয়েছে এ বিশ্ববিদ্যালয়ে। জগন্নাথে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২৫ হাজার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০২২ ঘ.