ঢাকা বিশ্ববিদ্যালয়, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'ক' ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলতি বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত রাজধানীর মোট ৭০টি কেন্দ্রে 'ক' ইউনিটের পরীক্ষা হয়।
এ ইউনিটের অধীনে বিজ্ঞান ও জীব বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগে ভর্তির জন্য ভর্তি ফরম কেনেন ৫২ হাজার ৫৩১ জন।
'ক' ইউনিটে ২৩টি বিভাগ ও তিনটি ইনস্টিটিউটে আসন সংখ্যা ১ হাজার ৫৭৪টি।
পরীক্ষা চলাকালে প্রশ্নপত্র ফাঁসের একটি গুজব থাকলেও তা নাকচ করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী।
এদিকে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে বাইরে থেকে প্রশ্নের উত্তর পাওয়ার চেষ্টাকালে লালমাটিয়া কলেজ কেন্দ্রে এক পরীক্ষার্থীকে আটক করা হয়েছে বলে ভারপ্রাপ্ত প্রক্টর জানান।
আটক পরীক্ষার্থীর নাম শিকদার মো. জায়েদ বিন আমিন। তাকে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশে তুলে দেওয়া হবে বলে ভারপ্রাপ্ত প্রক্টর জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৫৩ ঘ.
bdnews24