২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পবিপ্রবিতে পশুপালন বিদ্যা চালুর প্রতিবাদ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পশুপালন বিদ্যায় বিভাগ চালুর প্রতিবাদে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2011, 04:55 PM

Updated : 24 Aug 2022, 04:31 PM

সিলেট, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পশুপালন বিদ্যায় বিভাগ চালুর প্রতিবাদে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিভাগের পাঁচ ব্যাচের প্রায় সাড়ে চারশ' শিক্ষার্থী একাডেমিক ভবনে তালা দিয়ে দুপুর ১টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করে। তারা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিষয়টি চালুর সিদ্ধান্ত বতিলের দাবি জানায়। সোমবার থেকে এই বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড এ্যানিমেল সায়েন্সের শিক্ষার্থীরা ধর্মঘটসহ নানা কর্মসূচি পালন করছে। বিভাগের শিক্ষকরাও আন্দোলনে একাত্মতা ঘোষণা করে কর্মসূচিতে অংশ নেন। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়কে টায়ার পুড়িয়ে বিক্ষোভ, প্রশাসনিক ভবন ঘেরাও ও সমাবেশ করে। সমাবেশে বক্তারা বলেন, পটুয়াখালি বিশ্ববিদ্যালয়ে অ্যানিমেল হাজবেন্ড্রি (পশুপালন বিদ্যা) বিভাগ চালুর ফলে কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিভাগের শিক্ষার্থীদের সরকারি চাকুরির সুযোগ কমবে। পটুয়াখালি বিশ্ববিদ্যালয়ে অ্যানিমেল হাজবেন্ড্রি বিভাগ চালুর ফলে কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিভাগের শিক্ষার্থীদের চাকুরি পাওয়া কষ্টসাধ্য হয়ে দাঁড়াবে। আগে বিসিএস পরীক্ষার মাধ্যমে একজন অ্যানিমেল হাজবেন্ড্রি শিক্ষার্থীর বিপরীতে ভেটেরিনারির আটজন শিক্ষার্থী চাকুরির সুযোগ পেতো। এখন একজনের বিপরীতে ভেটেরিনারির মাত্র দুইজন শিক্ষার্থী চাকুরির সুযোগ পাবে। তারা আরো বলেন, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে ১৯৬৬ সালে 'অ্যানিমেল হাজবেন্ড্রি' বা পশুপালন বিষয়ে ডিগ্রি খোলা হয়েছিল। কিন্তু এরপর গবেষকরা এই ডিগ্রিটি বাংলাদেশের প্রেক্ষাপটে অনুপযোগী বলে মত দেন। সমাবেশে আন্দোলন কমিটির আহ্বায়ক হৃতিক দেব, আফরাজুল ইসলাম, আবদুল্লাহ আল মামুন, শরীফ হাসান সিদ্দিকী সুহিন, সোনিয়া, পূজা প্রমুখ বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/২২৪৪ ঘ.